অ্যাকসেসিবিলিটি লিংক

স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া

 দক্ষিণ কোরিয়ার সোওল রেলওয়ে স্টেশনে একটি টিভির পর্দায় সংবাদ প্রচারের সময় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফাইল ছবি দেখানো হচ্ছে। ১৩ অক্টোবর, ২০২২।
দক্ষিণ কোরিয়ার সোওল রেলওয়ে স্টেশনে একটি টিভির পর্দায় সংবাদ প্রচারের সময় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফাইল ছবি দেখানো হচ্ছে। ১৩ অক্টোবর, ২০২২।

উত্তর কোরিয়া একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের কাছে, সমুদ্রে ক্ষেপনাস্ত্রটি নিক্ষেপ করা হয়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কাং হো-পিল বলেছেন, দেশটির সামরিক বাহিনী উত্তর কোরিয়াকে এই ধরনের উস্কানিমূলক পরীক্ষা বন্ধ করার আহ্বান জানিয়ে,তাদের কঠোরভাবে সতর্ক করেছে।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানায়, উত্তর কোরিয়া প্রায় ১৭০টি গোলা নিক্ষেপ করেছে। গোলাগুলো কোরীয় উপদ্বীপের নিরপেক্ষ এলাকায় এসে পড়েছে। উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ২০১৮ সালের চুক্তির অধীনে এই নিরপেক্ষ সামুদ্রিক এলাকা প্রতিষ্ঠা করা হয়েছিল।

জাপানের মন্ত্রীপরিষদ বিভাগের মূখ্যসচিব হিরোকাজু মাতসুনো বলেছেন, শুক্রবারের উৎক্ষেপণ এবং দক্ষিণ কোরিয়ার সীমান্তের নিকটবর্তী এলাকায় যুদ্ধবিমানের মহড়া উত্তর কোরিয়ার সাম্প্রতিক অস্ত্র পরীক্ষার কারণে সৃষ্ট উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। উত্তেজনা বৃদ্ধির জন্য, দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) উত্তর কোরিয়ার নিন্দা করেছে।

মাতসুনো বলেন, জাপান “যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং সতর্কতা ও নজরদারি কার্যক্রম পরিচালনা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।”

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) বলেছেন, উত্তর কোরিয়ার প্রায় ১০টি সামরিক বিমান সীমান্তের কাছাকাছি আসলে, দক্ষিণ কোরিয়া সেই এলাকায় তাদের যুদ্ধবিমান পাঠায়।

প্রায় ৫ বছর পর প্রথমবার, পিয়ংইয়ং-এর বিরুদ্ধে একপাক্ষিক নিষেধাজ্ঞা আরোপ করেছে সোওল। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উন্নয়নে জড়িত ১৫ জন ব্যক্তি এবং ১৬টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে দক্ষিণ কোরিয়া।

জেসিএস উত্তর কোরিয়ারে প্রতি সতর্ক বার্তা দিয়েছে। এতে তারা, উত্তর কোরিয়াকে উস্কানি ও উত্তেজনা বৃদ্ধি বন্ধ করার আহ্বান জানিয়েছে।

এ প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG