অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ড, আহত ৪ জন

চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ড
চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ড

বাংলাদেশের চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির চার কর্মী আহত হয়েছেন।

শনিবার (১৫ অক্টোবর) বেলা ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আহতরা হলেন; ইস্টার্ন রিফাইনারির নিরাপত্তা কর্মী মো. আকতার, প্রতিষ্ঠানের স্টাফ মামুন, অডিটর আবদুর রহমান ও সাইফুল। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, “আগুনের ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ।”

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ৮টি গাড়ি কাজ করে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, “ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মিরারিং সেকশনের তেলের পাইপলাইনে আগুন লেগেছিল। খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, কর্ণফুলী ও ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করে।”

তিনি জানান, “দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আসে। আগুন নেভাতে নৌবাহিনীর ফায়ার সার্ভিসের কর্মীরা সহায়তা করেন।” আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তের পর জানা যাবে বলে উল্লেখ করেন আবদুল হামিদ।

এর আগে, ঢাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছিলেন, “প্রধান শোধনাগার নয়, অগ্নিকাণ্ডে ড্রেনেজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়, তাই আগুন ছড়িয়ে পড়তে পারেনি।”

ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন তেল শোধনাগার।

XS
SM
MD
LG