অ্যাকসেসিবিলিটি লিংক

মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জনগণের মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতি ও কর্মকৌশল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইতালির রোমে অনুষ্ঠিত চতুর্থ গ্লোবাল মেন্টাল হেলথ সামিটে দেওয়া বক্তব্যে জাহিদ মালেক এ কথা জানান। শুক্রবার (১৪ অক্টোবর) ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

জাহিদ মালেক জানান, “ইতোমধ্যেই বাংলাদেশের আট বিভাগীয় শহরে নতুন আটটি মানসিক স্বাস্থ্য হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আর, জেলা-উপজেলা পর্যায়ে এনসিডি কর্নারে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”

মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির জন্য স্কুল মেন্টাল হেলথ কার্যক্রম, এমএইচগ্যাপ প্রশিক্ষণসহ বাংলাদেশ সরকারের গৃহীত নানা পদক্ষেপের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সম্মেলনে অংশগ্রহণকারীদের অবহিত করেন। করোনা মোকাবেলা এবং টিকাদানে বাংলাদেশের সাফল্যের দৃষ্টান্ত উল্লেখ করেন জাহিদ মালেক।

তিনি বলেন, “সম্পদ সীমিত এবং মানসিক স্বাস্থ্য খাতে দক্ষ জনবলের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ই-মেন্টাল হেলথ, অ্যাপভিত্তিক মানসিক স্বাস্থ্য সেবাসহ নানা উদ্ভাবনী প্রক্রিয়ায় বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবা বিকেন্দ্রীকরণের প্রক্রিয়া শুরু করেছে।”

প্রক্রিয়াগুলোকে আরও বেগবান করে, প্রাথমিক স্বাস্থ্য সেবায় মানসিক স্বাস্থ্যকে অন্তর্ভূক্ত করতে ‘স্পেশাল ইনিশিয়েটিভ ফর মেন্টাল হেলথ’ কার্যক্রমে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ধন্যবাদ জানান বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী।

XS
SM
MD
LG