গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে, বাংলাদেশের রাজধানী ঢাকায় চলাচল করা ১০৮টি বাসে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াত ব্যবস্থাপনা কর্মসূচি’র আওতায় গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন করা হলো।
রবিবার (১৬ অক্টোবর) ঢাকার গাবতলীতে, সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টার-এ কর্ম সূচি উদ্বোধন করেন প্রধান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, “সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে গণপরিবহন নারীবান্ধব ও নিরাপদ হবে। নারীরা সিসি ক্যামেরা সংযুক্ত বাসে উঠতে স্বাচ্ছন্দ বোধ করবে। সিসি ক্যামেরা থাকায় এসব বাসের সাধারণ যাত্রীরাও সতর্ক থাকবে এবং তাদের মাঝে সচেতনতা তৈরি হবে। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পর্যায়ক্রমে সকল বাসে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।”
তিনি বলেন, “নারীকে প্রতিদিন কর্মস্থলে, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যেতে হয়। নারীরা গণপরিবহনে স্বল্প খরচে কর্মস্থল ও নিজ নিজ বাসস্থানে যাতায়াত করে থাকে। গণপরিবহনে নারীর প্রতি যৌন-সহিংসতা ঘটছে। গণপরিবহনে যাতায়াত কালে নারীরা অসম্মানজনক আচরণের শিকার হচ্ছেন। এ কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”
প্রতিমন্ত্রী ইন্দিরা বাস মালিক সমিতির উদ্দেশে বলেন, “চালকদের নিয়োগ দানের পূর্বে তাদের সম্পর্কে নিশ্চিত হতে হবে যেন তারা অপরাধ করলে তাঁদের দ্রুত শনাক্ত করা যায়। আর, যাত্রীদের সাথে গাড়ির চালক ও স্টাফদের উত্তম আচরণ বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে।”
উদ্বোধনী দিনে ভিন্ন রুটের ১০৮ টি বাসে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সরকারের অর্থায়নে, এ কর্মসূচি বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা দীপ্ত ফাউন্ডেশন।