বাংলাদেশে তিন দিনের সফর শেষে, বন্দর সেরি বেগাওয়ান-এর উদ্দেশে একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন ব্রুনাই দারুসসালামের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ।
সোমবার (১৭ অক্টোবর) সকালে, ঢাকা বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার সন্ধ্যায় শেষ হওয়া দুই দিনের রাষ্ট্রীয় সফরের ছবি সম্বলিত একটি অ্যালবাম তিনি সুলতানের হাতে তুলে দেন।
এর আগে, শনিবার বিকালে সুলতান হাজী হাসানাল বলকিয়াহ ঢাকায় আসেন। সফরের প্রথমদিন তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।
রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পর দুই দেশ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক আলোচনার পর প্রকাশ করা এক যৌথ বিবৃতিতে জানানো হয় যে, দুই নেতার আলোচনার পর স্বাক্ষরিত চুক্তিটি হলো, বিমান সেবা চুক্তি। আর অন্য তিনটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক হলো; বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান ও নিয়োগের বিষয়ে সমঝোতা স্মারক, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সরবরাহে সহযোগিতার ক্ষেত্রে সমঝোতা স্মারক এবং নাবিকদের প্রশিক্ষণ, সনদ, ওয়াচকিপিং এর মান সংক্রান্ত ১৯৭৮ সালের আন্তর্জাতিক কনভেনশনের অধীনে ইস্যুকৃত সনদপত্রের স্বীকৃতির বিষয়ে সমঝোতা স্মারক।