এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জনে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৮৬৪ জন।
বুধবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
আক্রান্তদের মধ্যে ঢাকার ৫৬৫ জন ও ঢাকার বাইরের ২৯৯ জন রয়েছেন।
বুলেটিনে আরও বলা হয়, বর্তমানে সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৩০৪ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ২৪৭ জন। আর ঢাকার বাইরে ১ হাজার ৫৭ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে মোট ২৭ হাজার ৮০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। এর মধ্যে ঢাকায় ২০ হাজার ৬৩ জন আর ঢাকার বাইরে ৭ হাজার ৭৩৯ জন আক্রান্ত হন।
এ ছাড়া একই সময়ে সারা দেশে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ৩৯২ জন রোগী। এর মধ্যে ঢাকায় ১৭ হাজার ৭৫৪ জন আর ঢাকার বাইরের ছয় হাজার ৬৩৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।
এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০৬ জনের।