অ্যাকসেসিবিলিটি লিংক

সুদানের দক্ষিণে দু’ দিনের লড়াইয়ে অন্তত ১৫০ জন নিহত

সুদান
সুদান

সম্প্রতি সুদানের দক্ষিণাঞ্চলীয় ব্লু নাইল রাজ্যে জমি সংক্রান্ত বিরোধের কারণে জাতিগত সংঘর্ষে ২ দিনের লড়াইয়ে শিশুসহ অন্তত ১৫০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার একজন চিকিৎসক এ সংবাদ জানান।

সাম্প্রতিক মাসগুলোতে এটি সবচেয়ে ভয়াবহ লড়াই। এর প্রতিবাদে জনতা ব্লু নাইল রাজ্যের রাজধানী দামাজিনের রাস্তায় নেমে আসে। তারা এই সংঘাতের নিন্দা জানিয়ে স্লোগান দেয়।

হাউসার জনগণ এবং প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সদস্যদের মধ্যে জমি নিয়ে বিতর্কের পর গত সপ্তাহে ব্লু নাইলে সংঘর্ষ শুরু হয়। তীব্র বন্দুকযুদ্ধে শত শত মানুষ পালিয়ে যায় এবং তাদের বাড়িঘর পুড়িয়ে দেয়া হয় বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।

রাজধানী খার্তুম থেকে প্রায় ৫শ কিলোমিটার দক্ষিণে রোজাইরেসের কাছে ওয়াদ আল মাহি অঞ্চলের চারপাশে এই সংঘর্ষটি হয়।

সুদানে জাতিসংঘের মিশন বলেছে, দক্ষিণ সুদান এবং ইথিওপিয়া সীমান্তবর্তী ব্লু নাইলে বন্দুকধারীর সংখ্যা অনেক বেশি। সেখানে পুনরায় সংঘাত শুরু হওয়ায় তারা শঙ্কিত। কয়েক দশকের গৃহযুদ্ধের পরে তারা অঞ্চলটি পুনর্গঠনের চেষ্টা করছে।

জাতিসংঘের মানবিকতা বিষয়ক সমন্বয়ের কার্যালয় অনুসারে, গত সপ্তাহে ব্লু নাইলের একই এলাকায় জমি সংক্রান্ত বিরোধের কারণে সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে।

সহিংসতা নিয়ন্ত্রণে রাতভর কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

সেনাপ্রধান আবদেল-ফাত্তাহ বুরহানের নেতৃত্বে গত বছরের সামরিক অভ্যুত্থানের পর থেকে সুদানে ক্রমশ রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকট বেড়ে চলেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে আন্তঃসাম্প্রদায়িক সংঘর্ষে ৫৮৬ জনেরও বেশি মানুষ নিহত এবং ২ লাখ ১১ হাজার জনেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

XS
SM
MD
LG