সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় ১১০০ কিমি দূরে অবস্থিত আরআর শহর থেকে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ২৪ জন বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার করা হয়েছে।
একটি সৌদি নিয়োগ এজেন্সি ২৪ জন বাংলাদেশি নারী গৃহকর্মীকে অবৈধভাবে আটকে রেখেছে, এমন তথ্য জানতে পেরে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, তাদের দ্রুত উদ্ধার করে দ্রুত দেশে পাঠানোর জন্য দূতাবাসের শ্রম কল্যাণ উইংকে নির্দেশ দেন। এ প্রেক্ষিতে, দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনে দেখা যায়, সৌদি নিয়োগ এজেন্সি ‘মাকতাব তাওয়াসুল আলসারি’ বাংলাদেশি নিয়োগ এজেন্সি ‘মেসার্স এস. আনোয়ার ওভারসিজ’- এর মাধ্যমে ঐ নারী কর্মীদেরকে সৌদি আরবে এনে সৌদি নিয়োগ কর্তাদের বাসায় কাজে না পাঠিয়ে দীর্ঘদিন আটকে রাখে। আর, পরিবারের সঙ্গে তাদের সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পর্যাপ্ত খাবার ও পানীয়ের অভাবে অসুস্থ হয়ে পড়লেও, তাদেরকে চিকিৎসা প্রদান করা হয়নি। দূতাবাসের কর্মকর্তা ঘটনাস্থলে নারী কর্মীদের সঙ্গে দেখা করতে চাইলে সংশ্লিষ্ট সৌদি এজেন্সি বাধা দেয়।
এরপর, সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ঐ ২৪ নারী গৃহকর্মীকে উদ্ধার করে সৌদি ফিমেল ডিপোর্টেশন সেন্টারে হস্তান্তর করা হয়। উদ্ধার করা নারী গৃহকর্মীদের পর্যাপ্ত খাবার, পানীয় ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়।
অভিযুক্ত সৌদি নিয়োগ এজেন্সির বিরুদ্ধে মামলা দায়ের করে, তাদের এজেন্সি বন্ধ করে দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষের সহায়তায় উদ্ধার করা নারী গৃহকর্মীদের দ্রুত বাংলাদেশে পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।