বাংলাদেশের নাটোর জেলার গুরুদাসপুরে বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে, বড়াইগ্রাম উপজেলার মৌখরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলম (৪৫), নুরনবী (৩৫), উজ্জল (৩৪), বাবু (৪০), লিটন (৩৫), আজাদুল (৪০), কমেদ আলী (৪২), চান মিয়া (৩৯), ও আজাদুল ফকির (৩৭)।
ওসি বলেন, “বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে ২৫ অক্টোবর নিজ জামাতার সঙ্গে অনৈতিক সম্পর্কের অপবাদ দিয়ে ৭৫ বছর বয়সী বৃদ্ধা কুলসুম বেগমকে গাছে বেঁধে নির্যাতন চালায় অভিযুক্তরা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। পরে নির্যাতনকারীরা উল্টো নির্যাতিতার বিরুদ্ধে গণ উপদ্রবের মামলা দিয়ে আদালতে পাঠায়। আদালত তাকে জামিনে মুক্তি দিলেও বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর, এ ঘটনায় নির্যাতনের মামলা করে পুলিশ।”