সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় কক্সবাজার টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। বৈঠকে উভয় দেশের ১০ জন করে প্রতিনিধি অংশ নেবেন।আড়াই মাস ধরে সীমান্তে উত্তেজনার পর মিয়ানমার বৈঠকের জন্য সাড়া দিলো।
এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
গত আগস্ট মাসে উখিয়া উপজেলার ঘুমধুম সীমান্ত বরাবর মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি ও মর্টারশেল নিক্ষেপ করা হয়। এতে দুটি মর্টারশেল বাংলাদেশের অভ্যন্তরে পড়ে। পরের দিন মিয়ানমারের যুদ্ধ বিমান থেকে ছোড়া আরও দুটি মর্টারশেল বাংলাদেশের অভ্যন্তরে পড়ে। এতে সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের মাটিতে আরও কয়েকটি মর্টারশেল এসে পড়ে। যা বিস্ফোরিত হয়ে এক রোহিঙ্গা মারা যায় এবং আহত হয় ছয়জন।এর পর, এলাকা ছেড়ে চলে যান অনেকে।
এমন পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কয়েক দফা কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। তবুও সীমান্তের পরিস্থিতি একই রকম থেকে যায়।
পর্যায়ক্রমে উখিয়ার পালংখালী সীমান্ত হয়ে টেকনাফ সীমান্ত পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে চলতে থাকে গোলাগুলি ও গোলা বর্ষণ। এতে আরও আতঙ্কিত হয়ে পড়ে সীমান্তে বসবাসরত বাংলাদেশিরা।
এরপর, ১০ অক্টোবর সীমান্ত পরিস্থিতি দেখতে পরিদর্শনে যান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। ঐ সময় সাংবাদিকদের তিনি জানান, প্রতিবাদলিপি পাঠানোর পাশাপাশি বিজিপির সঙ্গে যোগাযোগ রক্ষার চেষ্টা চলছে। পরে, সময় নির্ধারণ না হলেও, পতাকা বৈঠকের সম্মতি জ্ঞাপন করেন বিজিপি। সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে অবশেষে ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকে রাজি হলো মিয়ানমার বিজিপি।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার জানান, “রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে উভয় দেশের ১০ জন করে প্রতিনিধি অংশ নেয়ার কথা রয়েছে।”
তিনি আরও জানান, “সীমান্তে যে উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে, সে সম্বন্ধে আলোচনার পাশাপাশি উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হবে। ইতোমধ্যে বৈঠকের সব প্রস্তুতি শেষ হয়েছে।”