অ্যাকসেসিবিলিটি লিংক

এক যুগ পর সিলেটে সাংবাদিক হত্যা মামলার রায়, ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড


সাংবাদিক ফতেহ ওসমানী
সাংবাদিক ফতেহ ওসমানী

বাংলাদেশের সিলেটে, সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা মামলায় ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ১২ বছর পর এই হত্যা মামলার রায় ঘোষিত হলো। সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে সিলেটের বিশেষ জেলা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন; মো. কাশেম আলী, সাদ্দাম, সুমন, স্বপন, রাসেল ও শাহ আলম।রায়ে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

রায় ঘোষণার সময়, জৈন্তাপুর থানার আদর্শগ্রামের হাবিবুর রহমানের ছেলে, মো. কাশেম আলী ছাড়া অন্যরা পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী এস এম আবুল কালাম আজাদ।

মামলার বিবরণ মতে, ২০১০ সালের ১৮ এপ্রিল রাতে সাংবাদিক ফতেহ ওসমানী তার বন্ধু আব্দুল মালেককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে নগরীর শাহী ঈদগাহ এলাকার শাহ মীর (র:) মাজারের সামনের রাস্তায় পৌঁছামাত্র ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ফতেহ ওসমানী ও তার বন্ধু আব্দুল মালেক আহত হন। ২৮ এপ্রিল রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফতেহ ওসমানী।

এ ঘটনায় নিহত ফতেহ্ ওসমানীর ছোট ভাই আল-ফরহাদ মতিন বাদী হয়ে ছিনতাইকারী ও সন্ত্রাসী সাদ্দাম ওরফে টাইগার সাদ্দাম ও কাশেমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

সিলেট বিশেষ জেলা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. মফুর আলী জানান যে রায়ে প্রসিকিউশন সন্তুষ্ট।

XS
SM
MD
LG