বিশ্বের যেকোনো স্থানের দুর্ভিক্ষ ও মন্দার প্রভাব থেকে, বাংলাদেশকে মুক্ত রাখতে, খাদ্য ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে আরও বেশি প্রচেষ্টা চালানোর জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১ নভেম্বর) ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের উদ্বোধন ও জাতীয় যুব পুরস্কার-২০২২ প্রদান অনুষ্ঠানে এ আহবান জানান তিনি। শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্ম-এ অনুষ্ঠানে যোগ দেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “আমি আমাদের যুবকদের প্রতি, তাদের নিজ নিজ এলাকায় খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের জন্য আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানাতে চাই। আর যদি তা করা হয়, তাহলে আমরা স্থানীয় চাহিদা পূরণ করতে সক্ষম হব এবং অন্যান্য দুর্ভিক্ষপীড়িত দেশগুলোকেও সাহায্য করতে পারব।”
শেখ হাসিনা বলেন, “বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ভবিষ্যদ্বাণী করেছে যে বিশ্বব্যাপী দুর্ভিক্ষ আঘাত হানতে পারে এবং অনেক উন্নত দেশে এখন অর্থনৈতিক মন্দার সম্মুখীন হচ্ছে। বাংলাদেশকে এর প্রভাব থেকে (যেকোনো বৈশ্বিক দুর্ভিক্ষ ও অর্থনৈতিক মন্দা) মুক্ত রাখতে, আমাদের জমির প্রতিটি ইঞ্চি চাষ করতে হবে। এছাড়া, খাদ্যপণ্য এবং প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদনে আরও পদক্ষেপ নিতে হবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, “তরুণরা বাংলাদেশের একটি শক্তিশালী শক্তি। বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর এবং এর সবচেয়ে বড় শক্তি জনশক্তি। আমাদের এই শক্তিকে কাজে লাগাতে হব।”
সফল আত্মকর্মসংস্থান বিভাগে জাতীয় যুব পুরস্কার পেয়েছেন নোয়াখালী সদরের জাকির হোসেন (প্রথম), বগুড়ার শেরপুরের সুরাইয়া ফারহানা রেশমা (দ্বিতীয়), নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিল্লাল মিয়া (তৃতীয়) এবং বরিশাল সদরের রিতা জেসমিন (তৃতীয়)। প্রথম এবং সেরা যুব সংগঠক বিভাগে পুরস্কার পেয়েছেন দিনাজপুরের বিরল উপজেলার আবু রাসেল হুদা।
এছাড়া বিভাগীয় কোটায় সফল আত্মকর্মসংস্থানের জন্য যুবক ও যুব সংগঠক পুরস্কার পেয়েছেন। প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল পুরস্কার তুলে দেন।