বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২০১৩-১৫ সালে বিক্ষোভের নামে বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ ও সহিংসতার ভয়াবহ দিনগুলো ভুলে না যাওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, “আমি দেশের জনগণকে সতর্ক করতে চাই, যাতে কেউ আর এ ধরনের ঘটনা ঘটাতে না পারে।” তিনি আরও বলেন, “সুস্থ রাজনীতি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে প্রতিহিংসা সহ্য করা হবে না।”
রবিবার (৬ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ ও সহিংসতায় দগ্ধ ও আহতদের পাশে দাঁড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছি এবং তাদের চিকিৎসার জন্য পদক্ষেপ নিয়েছি। কিন্তু যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের বেদনা ও কষ্ট দূর করা সম্ভব নয়।”
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, “ সুস্থ রাজনীতি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে কেউ মানুষের ওপর হামলা করলে তাদের (হামলাকারীদের) রেহাই দেওয়া হবে না। এগুলো (প্রতিহিংসা) সহ্য করা যায় না। কোন মানুষ এটা সহ্য করতে পারে না।”
তিনি বলেন, “রাজনৈতিক পরিচয় ও ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জীবন ও জীবিকার অধিকার রয়েছে।আমাদের অধিকার রক্ষা করার দায়িত্ব আছে।”