অ্যাকসেসিবিলিটি লিংক

কুষ্টিয়ার কুমারখালীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

কুষ্টিয়া জেলার কুমারখালীতে বালু কেনা–বেচাসংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধকে বাঁশ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। তাঁর নাম মো. শাহজাহান (৬৫)। তিনি কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামের মৃত ইয়াকুব মিস্ত্রির ছেলে।

নিহতের স্বজনেরা জানান, বালু কেনাবেচা নিয়ে একই এলাকার মৃত গনজের আলীর ছেলে আইচ উদ্দিনের সঙ্গে বৃদ্ধ শাহজাহানের বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার সন্ধ্যায় আইচ উদ্দিনের বাড়িতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরদিন মঙ্গলবার সকালে শাহজাহান বাজারে দোকানে যাচ্ছিলেন। এ সময় আইচ উদ্দিন ও তাঁর ছেলে নয়ন ও হৃদয়সহ কয়েকজন মিলে তাকে বাঁশ ও হাতুড়ি পেটা করে।

এতে তিনি আহত হলে তাঁকে সকালেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হত্যাকাণ্ডের বিষয়ে নিহতের ছেলে সজিব বলেন, ‘বালু নিয়ে আইচ উদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় তার বাড়িতে সালিশ বৈঠকে উভয়ের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা হয়। কিন্তু পরিকল্পিতভাবে সকালে আইচ উদ্দিন ও তাঁর বখাটে ছেলেরা বাঁশের লাঠি ও হাতুড়ি দিয়ে বাবাকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে বাবা মারা যান’।

তিনি আরও বলেন, ‘বাবাকে ওরা নির্মমভাবে হত্যা করেছেন। থানায় মামলা করব’।

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত আইচ উদ্দিনের পরিবার গা ঢাকা দিয়েছেন।

এ বিষয়ে জানতে বার বার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইনকে সরকারি নম্বরে বারবার কল দেওয়া হয়। কিন্তু তিনি কলটি রিসিভ না করে কেটে দেন।

তবে হত্যাকাণ্ডের বিষয়ে চৌরঙ্গী থানাধীন তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. ইমদাদুল হক বলেন, ‘বালুসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে’।

XS
SM
MD
LG