বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে লড়াই করছে’।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১০ নভেম্বর) এক অনুষ্ঠানে কাদের বলেন, ‘আমাদের লড়াই চলবে’।
রাজধানী ঢাকার জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৮৭ সালের ১০ নভেম্বর রাজধানী ঢাবার গুলিস্তানের কাছে জিরো পয়েন্ট তৎকালীন সামরিক শাসক জেনারেল এইচ এম এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করার সময় পুলিশের গুলিতে আওয়ামী যুবলীগ কর্মী নূর হোসেন নিহত হন। এরপর থেকে গণতন্ত্রপন্থী এই তরুণ শহীদ হওয়ার স্মরণে ১০ নভেম্বর নূর হোসেন দিবস হিসেবে পালিত হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া, এটি কোনো ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন নয় যে, রাতারাতি পরিবর্তন হয়ে যাবে’।
তিনি আরও বলেন, ‘আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণতন্ত্রকে স্বৈরাচারমুক্ত করার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন’।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সরকারে থাকতেও গণতন্ত্রের ক্ষতি করেছে, বিরোধী দলে থাকা অবস্থায়ও তারা ক্ষতি করেছে’।
তিনি আরও বলেন, ‘বিএনপিকে প্রতিশ্রুতি দিতে হবে তারা দেশে সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টি করবে না। কেন তাদের নেতাকর্মীদের লাঠিসোটা নিয়ে বের হতে হবে? তারা লাঠিসোটা নিয়ে জাতীয় পতাকা বেঁধে বিক্ষোভ করে, এটা সন্ত্রাসের আরেক রূপ। এটা বন্ধ করতে হবে’।
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে। কিন্তু বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অনেক বাধা রয়েছে’।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।