শুক্রবার ছিল যুক্তরাষ্ট্রের ভেটেরান্স ডে, একটি ফেডারেল ছুটির দিন। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীতে কর্মরত আমেরিকানদের সম্মান জানানোর জন্য বছরের এই দিনটি ভেটেরান্স ডে হিসেবে পালিত হয়।
দিবসটি মূলত প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির দিনটি পালন উপলক্ষে নির্ধারণ করা হয়েছিল । প্রথম বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছিল ১৯১৯ সালের ২৮ জুন, ফ্রান্সে ভার্সাই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে।
তবে যুদ্ধ কার্যত শেষ হয়েছিল চুক্তি স্বাক্ষরের সাত মাস আগে, মিত্রশক্তি ও জার্মানির মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে। ১৯১৮ সালের ১১ নভেম্বর, অর্থাৎ একাদশ মাসের একাদশ দিনের একাদশ ঘন্টায় এটি কার্যকর হয়েছিল।
ঐ ঐতিহ্যকে সম্মান জানাতে, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, রাষ্ট্রপতি জো বাইডেনের পক্ষে শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজধানীর ঠিক বাইরে, আর্লিংটন জাতীয় কবরস্থানে অজানা সৈনিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। প্রেসিডেন্ট বাইডেন দেশের বাইরে,যাত্রাপথে থাকবেন।
তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন পরে ১৯১৯ সালে ১১ নভেম্বরকে প্রথম যুদ্ধবিরতির স্মারক দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। এরপর,১৯৩৮ সালে, দিনটিকে আনুষ্ঠানিকভাবে একটি জাতীয় ফেডারেল ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয়। ১৯৫৪ সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যুক্তরাষ্ট্রের কংগ্রেস যুদ্ধে অংশ নেওয়া সকল প্রবীণ সৈন্যদের সম্মান জানাতে দিনটিকে ভেটেরান্স ডে হিসেবে নামকরণ করে।
দিবসটি উপলক্ষে, ফেডারেল সরকারের দপ্তর এবং অনেক স্কুল বন্ধ রয়েছে।