বর্তমান পরিস্থিতি বিবেচনায়, চলমান নভেম্বর মাসের শেষের দিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বাংলাদেশ সফর করতে পারেন। তার পরিকল্পিত সরকারি সফরের সময়, বাংলাদেশ রাশিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখবে।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়া, খাদ্যশস্য সরবরাহ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ পাইপলাইনে থাকা প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন নিয়েও আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
রবিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এ এক সেমিনার শেষে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, “আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি এবং তার এখানে আসার সম্ভাবনা রয়েছে। আমরা তাকে স্বাগত জানাব এবং এই সফর রাশিয়ার সঙ্গে আমাদের চ্যালেঞ্জ ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরার সুযোগ দেবে।” পররাষ্ট্র সচিব মাসুদ আরও বলেন, “বাংলাদেশ চায় রোহিঙ্গা সংকটের সমাধানে রাশিয়া বাংলাদেশের পাশে থাকুক।”
ঢাকায় রাশিয়ার দূতাবাসের একজন কর্মকর্তা বলেছেন, “পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ-এর জন্য আইওআরএ বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ পাওয়া গেছে এবং এই সফরের সম্ভাবনার বিষয়ে কাজ চলছে।”
এর আগে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তার রুশ সমপক্ষকে ঢাকায় অনুষ্ঠেয় ২২তম আইওআরএ কাউন্সিল অফ মিনিস্টারস (সিওএম) বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্ভবত ২৩ নভেম্বর আইওআরএ বৈঠকে, তার মূল ফোকাস ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট, দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
রাশিয়া, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সংলাপের অংশীদার। আইওআরএ-এর বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ আশা করছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী-সহ এক ডজনেরও বেশি মন্ত্রী বৈঠকে উপস্থিত থাকবেন। একজন সিনিয়র কর্মকর্তা এ কথা জানিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে।
আব্দুল মোমেন গত মাসে কাজাখস্তান-এর আসতানায় সিআইসিএ শীর্ষ সম্মেলনের ফাঁকে তার রুশ সমপক্ষের সঙ্গে দেখা করেন এবং রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এসময় তিনি রোহিঙ্গা সংকট নিরসনে আরও শক্তিশালী আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সিনিয়র অফিসিয়ালস কমিটির (এসওসি) ২৪ তম বৈঠকের আগে, আগামী ২২-২৩ নভেম্বর বাংলাদেশ আইওআরএ কাউন্সিল অফ মিনিস্টারস মিটিং আয়োজন করবে।
ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) হলো একটি আন্তঃসরকার সংস্থা, যার লক্ষ্য তার ২৩টি সদস্য রাষ্ট্র এবং ১০ টি সংলাপ অংশীদার-এর মাধ্যমে ভারত মহাসাগর অঞ্চলের মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও টেকসই উন্নয়ন জোরদার করা।
আইওআরএ সদস্য রাষ্ট্রগুলো হলো; অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কমোরোস ইউনিয়ন, ফরাসি প্রজাতন্ত্র, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার প্রজাতন্ত্র, মালয়েশিয়া, মালদ্বীপ, মরিশাস, মোজাম্বিক, ওমান, সেশেলস, সিঙ্গাপুর, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তানজানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
২০২১ সালের ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত ২১তম আইওআরএ সিওএম সভায় বাংলাদেশ আইওআরএ-এর চেয়ারের পদ গ্রহণ করে এবং ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য টেকসই ভাবে ভারত মহাসাগরের সুযোগগুলো কাজে লাগানোর’ শপথ গ্রহণ করে।