অ্যাকসেসিবিলিটি লিংক

তুমব্রু সীমান্তে মাদক বিরোধী অভিযানে ডিজিএফআই সদস্য নিহত: আইএসপিআর

ফাইল ছবি- বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা বান্দরবান জেলার টোমব্রুতে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে পাহারা দিচ্ছে। ১ মার্চ, ২০১৮।
ফাইল ছবি- বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা বান্দরবান জেলার টোমব্রুতে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে পাহারা দিচ্ছে। ১ মার্চ, ২০১৮।

বাংলাদেশের বান্দরবান জেলার তুমব্রু সীমান্তে মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় সোমবার (১৪ নভেম্বর) রাতে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর এক সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, মিয়ানমার লাগোয়া বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে, মাদক চোরাকারবারিদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ডিজিএফআই-এর যৌথ দলের গুলি বিনিময় হয়। এতে বাংলাদেশ বিমান বাহিনীর (ডিজিএফআই) একজন কর্মকর্তা নিহত এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য গুরুতর আহত হন। তবে, আইএসপিআর এখনো কারো নাম প্রকাশ করেনি।

এদিকে, কক্সবাজার সদর হাসপাতালে নিযুক্ত উপপরিদর্শক রিপন চৌধুরী জানান, অভিযানের সময় সীমান্তে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত একজনকে রাত ১০টার দিকে হাসপাতালে আনা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ডিউটি অফিসার এএসআই জয়দেব বলেন, “সীমান্তের কাছে কোনাপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে কাদের মধ্যে এ ঘটনা ঘটেছে তা এখ‌নও নিশ্চিত হতে পারিনি।”

বান্দরবানের সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. সালাহ উদ্দিন জানান, “এ বিষয়ে খোঁজ নেওয়া হ‌চ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”

এদিকে কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি করেছেন যে অভিযান চালানোর সময় মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আল ইয়াকিন সদস্যরা সন্ধ্যা ৭টার দিকে সীমান্তের জিরো পয়েন্টে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়।

XS
SM
MD
LG