অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে জঙ্গি হামলায় ৮ জন পুলিশ নিহত

পাকিস্তানের মানচিত্র
পাকিস্তানের মানচিত্র

বুধবার পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের উত্তর পশ্চিমাঞ্চলে দুটি আলাদা জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ৮ সদস্য নিহত হয়েছে।

খুব ভোরে আফগানিস্তানের সীমান্তবর্তী জেলা খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াতে জঙ্গীরা হামলা চালিয়ে ৬ জনকে হত্যা করে।

পুলিশ কর্মকর্তারা জানান, নিহত পুলিশ সদস্যদের নিয়মিত টহলের সময় গাড়িতে থাকা অবস্থায়, একটি মোটরসাইকেলে থাকা দুই বন্দুকধারী তাদের গুলি করে হত্যা করে এবং পালিয়ে যেতে সক্ষম হয়।

প্রাদেশিক কর্তৃপক্ষ এই হামলাকে ‘’কাপুরুষোচিত কাজ’’ হিসেবে আখ্যায়িত করে বলেছে, অপরাধীদের ধরতে তল্লাশি অভিযান চলছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার নিন্দা জানিয়ে বুধবার, টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে বলেন, "সন্ত্রাসবাদ এখনও পাকিস্তানের অন্যতম প্রধান সমস্যা।"

একটি নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান, টিটিপি বা পাকিস্তানি তালিবান এই মারাত্মক গুলিবর্ষণের দায় স্বীকার করেছে। সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে দলটি বলেছে, কাউন্টার-টিটিপি অভিযানে যাওয়ার পথে পুলিশ ইউনিটের ওপর হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের দ্বারা একটি বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত টিটিপি, নিয়মিতভাবে খাইবার পাখতুনখোয়া এবং পাকিস্তানের অন্যান্য জায়গায় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালায়।

জঙ্গি গোষ্ঠীটি বুধবার একটি পৃথক বিবৃতিতে দাবি করেছে, ঐ প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা এবং পরবর্তীতে পাকিস্তানি নিরাপত্তা অভিযানে তিনজন টিটিপি কমান্ডার নিহত হয়েছে।

টিটিপি একটি পাকিস্তানি শাখা এবং আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবানের ঘনিষ্ঠ মিত্র। পাকিস্তানি তালিবানের কেন্দ্রীয় নেতা ও কম্যান্ডাররা আশ্রয় নিচ্ছে প্রতিবেশী দেশটিতে।

সহিংসতায় শুধু এ বছরই প্রায় ৫০০ পাকিস্তানি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর। কর্মকর্তারা মনে করেন, খাইবার পাখতুনখোয়া সবচেয়ে বেশি সংখ্যক টিটিপি হামলার শিকার হয়েছে, যার ফলে কমপক্ষে ১০০ জন সৈন্য এবং পুলিশ বাহিনীর অনেক সদস্য মারা গেছে। আন্তর্জাতিক সন্ত্রাসীরা যাতে আফগানিস্তানের বাইরে তৎপর না হয়, সে বিষয়ে তালিবান সরকারকে প্রতিশ্রুতি পালনের জন্য চাপ দিচ্ছে ইসলামাবাদ।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, আফগানিস্তান থেকে প্রায় ৬,৫০০ টিটিপি যোদ্ধা কাজ করছে।

This item is part of
XS
SM
MD
LG