অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের একটি বাজারে বন্দুকধারীদের হামলায় ৫ জন নিহতঃ রাষ্ট্রীয় গণমাধ্যম

ইরানের মানচিত্র।
ইরানের মানচিত্র।

বুধবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইজেহ শহরে একটি বাজারে বন্দুকধারীরা গুলি চালায়। এতে তরুণীসহ অন্তত ৫ জন নিহত হয়। এছাড়া কয়েকজন বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়, দেশটির রাষ্ট্রীয় টিভি এ সংবাদ জানায়।

একটি পৃথক হামলায় বন্দুকধারীরা কেন্দ্রীয় শহর ইসফাহানে ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের দুজন সদস্যকে গুলি করে হত্যা করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এই সংবাদ জানায়। উভয় হামলায় বন্দুকধারীরা মোটরসাইকেল আরোহী ছিল বলে জানা গেছে।

এই হামলা কী কারণে করা হয়েছে বা দুই মাস ধরে ইরানকে কাঁপিয়ে দেয়া বিক্ষোভের সাথে এই হামলার কোনো যোগসূত্র আছে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিস্কার হওয়া যায়নি।

কিছু বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়েছে কারণ নিরাপত্তা বাহিনী ভিন্নমতের ওপর চাপ সৃষ্টি করেছে। সম্প্রতি ইরানে কয়েকটি হামলা হয়েছে যার জন্য বিচ্ছিন্নতাবাদী এবং ধর্মীয় চরমপন্থীদের দায়ী করা হয়। গত মাসে প্রধান একটি শিয়া মসজিদে গুলি চালানো হয়েছে। এতে ১২ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ইসলামিক স্টেট গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে।

১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে ২২ বছর বয়সী এক নারীর মৃত্যুতে এই বিক্ষোভ শুরু হয়। ইরানের শাসক ধর্মগুরুদের উৎখাত করার এবং ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পরে প্রতিষ্ঠিত ধর্মতন্ত্রের অবসানের আহ্বানে এই বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীদের ডাকা ৩ দিনের সাধারণ ধর্মঘটের দ্বিতীয় দিনে ইজেহ শহরে সহিংসতার ঘটনা ঘটে।

কোনো প্রমাণ ছাড়াই ইরানি কর্মকর্তারা দেশের অস্থিরতার জন্য অন্য দেশকে দায়ী করেছেন। বিক্ষোভকারীরা বলছেন, কয়েক দশক ধরে তারা দুর্নীতিগ্রস্ত এবং স্বৈরাচারী শাসকদের দমন-পীড়নে অতিষ্ঠ।

This item is part of
XS
SM
MD
LG