বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশটির সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সোমবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদর্শন করে। তখন বিউগলে সুর বেজে ওঠে।
পরে শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন।
এর আগে শিখা অনির্বাণে পৌঁছালে, তিন বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পুষ্পস্তবক অর্পণের পর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী বিভাগে (এএফডি) যান এবং সেখানে তিন বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের এই দিনে সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় এবং দখলদার পাকিস্তানি বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ শুরু করে। যা মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ঐতিহাসিক এ দিনটিকে প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হচ্ছে।