অ্যাকসেসিবিলিটি লিংক

আওয়ামী লীগ দেশকে পরিবর্তন ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে গেছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তার দল আওয়ামী লীগ টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকাটা, বাংলাদেশকে অনেক পরিবর্তন এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে। শেখ হাসিনা বলেন, “উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের আরও এগিয়ে যেতে হবে এবং উন্নত দেশ হতে হবে। আমি সেই পরিকল্পনা প্রণয়ন করেছি। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভিশন ২০৪১ এবং ডেল্টা প্ল্যান ২১০০ প্রণয়ন করেছি।”

সোমবার (২১ নভেম্বর) প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে এএফডি-২০২২ উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীরত্ব পুরস্কার বিজয়ী মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন শেখ হাসিনা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ একটি বিজয়ী জাতি হিসেবে বিশ্বে সমাদৃত। বাংলাদেশিরা এখন মাথা উঁচু করে সারা বিশ্বে ঘুরে বেড়ায়। আমরা এটা অর্জন করেছি। আগামী দিনে আমাদের আরও এগিয়ে যেতে হবে।”

শেখ হাসিনা বলেন, “সরকার গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করছে এবং তাদের জীবন পরিবর্তনের সুযোগ দিচ্ছে। আমরা অক্লান্ত চেষ্টা করছি। এখন অন্তত আমরা বলতে পারি যে বিশ্বের মানুষ বাংলাদেশিদের অবহেলা করতে পারে না।”

“আওয়ামী লীগ দল ও সরকার হিসেবে মুক্তিযোদ্ধাদের অবদান কখনোই ভুলবে না। আর সে কারণেই আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়েছি;” উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “দেশকে তার শক্ত ভিত্তি তৈরি করে আরও এগিয়ে যেতে হবে। যাতে বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে একটি উন্নত দেশে উন্নীত হয়। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।”

শেখ হাসিনা বলেন, “কোভিড-১৯ মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞা বাংলাদেশকে গভীর সংকটে ফেলেছে। বাংলাদেশকে বিদেশ থেকে ভোজ্যতেল, জ্বালানি তেল, গম, ভুট্টা ও মসুর ডালের মতো পণ্য কিনতে হয়। এ কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “ আমাদের পরিবহন ব্যয়ও বেড়েছে। তাই আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। কিন্তু আমরা অলস বসে নেই। সারা বিশ্বে যে যুদ্ধজনিত সমস্যা হয়েছে, তা থেকে উত্তরণের জন্য সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে।”

মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা বর্ণনা করেন শেখ হাসিনা। তিনি বলেন, “তাদের প্রতি কেউ কখনো অবজ্ঞা ও অবহেলার চোখে দেখবে না।”

“সরকার অবহেলার শিকার এফএফদের খুঁজে বের করেছে এবং এখন তারা যাতে এই ধরনের এফএফ ভাতা পায় তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করছে। সরকার এফএফ-এর জন্য ভাতা বৃদ্ধি করেছে এবং এটি প্রজন্ম থেকে প্রজন্মে অব্যাহত থাকবে;” বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, “আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ স্বাধীন করার আহ্বানে সাড়া দিয়ে যারা অস্ত্র তুলেছিলেন তাদের জন্য কাজ করা আমাদের কর্তব্য।”

প্রধানমন্ত্রী বলেন, “তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের মাধ্যমে বিজয়ের ইতিহাস জানতে পারলে জাতির জন্য আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত হবে। এ লক্ষ্যে সরকার প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রতিষ্ঠা করছে এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান যেখানে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিয়েছিলেন, স্বাধীনতা ও পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণের পর দেশ পরিচালনার নির্দেশনা দিয়েছিলেন তা সংরক্ষণের ব্যবস্থাও নিয়েছে।”

XS
SM
MD
LG