এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া, বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে জানিয়েছেন যে বাংলাদেশের শিক্ষা খাতে আগামী তিন বছরে এডিবি ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে।
শুক্রবার (২৫ নভেম্বর) এডিবি অফিসে, মাসাতসুগু আসাকাওয়ার সঙ্গে বৈঠক করেন দীপু মনি । এসময় এডিবি প্রেসিডেন্ট বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে এ কথা জানান। বৈঠকে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ও এডিবি প্রেসিডেন্ট সংস্থাটির অর্থায়নে বাংলাদেশের শিক্ষা খাতে চলমান প্রকল্প নিয়েও আলোচনা করেন।
তারা বাংলাদেশের শিক্ষা খাতে এডিবির অর্থায়নে ভবিষ্যত প্রকল্প নিয়ে আলোচনা করেন। এর আগে, ২৪ নভেম্বর দীপু মনি এডিবি আয়োজিত, হাউ টু রিকভার লার্নিং লসেস ফ্রম কোভিড-১৯ স্কুল ক্লোজারস শীর্ষক সেমিনার, আইএফএফইডি (ইন্টারন্যাশনাল ফিনান্স ফ্যাসিলিটি ফর এডুকেশন) উদ্যোগ ও এডিবি এডুকেশন সেক্টর ডিরেকশনাল গাইড এবং এডিব র কর্মকর্তাদের সঙ্গে স্ট্রাটেজিক থ্রাস্টস ফর বাংলাদেশ এডুকেশন সেক্টর অপারেশন নিয়ে আলোচনায় অংশ নেন।
দীপু মনি কোভিড-১৯ এর সময় বাংলাদেশে যথেষ্ট সহায়তার জন্য; বিশেষ করে বাজেট সহায়তা ও ভ্যাকসিন সংগ্রহে অর্থায়নের জন্য এডিবিকে ধন্যবাদ জানান।
বাংলাদেশের শিক্ষামন্ত্রী এডিবি প্রেসিডেন্টকে বলেন, “বাংলাদেশ সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।” তিনি এডিবির অবদানের কথা স্বীকার করে, বাংলাদেশের শিক্ষা খাতে, বিশেষ করে আইসিটি ও কারিগরি শিক্ষায় সংস্থাটির আরও সহায়তা কামনা করেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ফ্যাসিলিটি ফর এডুকেশন (আইএফএফইডি) থেকে বর্ধিত অর্থের জন্য অনুরোধ করেন। এডিবি হচ্ছে আইএফএফইডি-এর একটি বাস্তবায়নকারী অংশীদার।
বাংলাদেশের শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন যে বাংলাদেশ সরকার কোভিড-১৯ এর প্রভাব থেকে পুনরুদ্ধার করে, ঝুঁকিপূর্ণ মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য জিডিপির ৬ দশমিক ২৩ শতাংশ মূল্যের বিশাল উদ্দীপনা কর্মসূচি বাস্তবায়ন করছে।
দীপু মনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি, সার ও খাদ্যের দাম বৃদ্ধিতে অর্থনীতির ওপর আরও চাপ সৃষ্টি করেছে। কাউন্টারসাইক্লিকাল সাপোর্ট সুবিধাসহ বাংলাদেশকে এডিবি-এর সহায়তার জন্য অনুরোধ করেন তিনি।
এডিবি প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে স্বাগত জানান এবেং গুসি শান্তি পুরস্কার প্রাপ্তির জন্য অভিনন্দন জানান। মাসাতসুগু বাংলাদেশের অগ্রগতি ও অর্জনের; বিশেষ করে সামাজিক খাত, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের প্রশংসা করেন।
এডিবি প্রেসিডেন্ট মানসম্পন্ন শিক্ষায় সকল শিশুর সুষম প্রবেশাধিকার, শিক্ষা খাতে প্রযুক্তির পরিবর্তনকে কাজে লাগানোর ও উন্নয়নে জলবায়ু পরিবর্তন মোকাবেলার ওপর জোর দেন।
তিনি দেশীয় সম্পদ বৃদ্ধির গুরুত্ব উল্লেখ করেন। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ফ্যাসিলিটি ফর এডুকেশন (আইএফএফইডি) এ চ্যাম্পিয়ন হওয়ার জন্য তিনি শিক্ষামন্ত্রী ড. দীপু মনিকে অভিনন্দন জানান এবং বলেন যে বাংলাদেশের শিক্ষা খাতে আগামী তিন বছরে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি।
শিক্ষামন্ত্রী এসময় শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে যে ব্যাপক উন্নয়ন ঘটছে তা দেখার জন্য সরকারের পক্ষ থেকে এডিবি প্রেসিডেন্টকে শিগগিরই বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান এবং মাসাতসুগু দীপু মনির আমন্ত্রণ গ্রহণ করেন।