অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালিয়ায় সামরিক অভিযান, বিমান হামলায় কমপক্ষে ১০০ জন আল-শাবাব জঙ্গি নিহত

শাবেলের নিম্নাঞ্চল, সোমালিয়া
শাবেলের নিম্নাঞ্চল, সোমালিয়া

সোমালিয়ার তথ্য মন্ত্রক শনিবার বলেছে, সোমালিয়ার সেনাবাহিনী ও মিত্র গোষ্ঠীর মিলিশিয়ারা মধ্য শাবেল অঞ্চলে একটি অভিযানে কমপক্ষে ১০০ জন আল-শাবাব যোদ্ধাকে হত্যা করেছে। কিছুদিন আগেই নিম্ন শাবেল অঞ্চলের, দক্ষিণে আরও ৪৯ জন আল-শাবাব জঙ্গি নিহত হয়েছিল।

সোমালিয়ার তথ্য উপমন্ত্রী আব্দিরহমান ইউসুফ আল-আদালা মোগাদিশুতে সাংবাদিকদের বলেন, "আন্তর্জাতিক অংশীদারদের দ্বারা সমর্থিত আমাদের জাতীয় সেনাবাহিনী, গোয়েন্দা এবং স্থানীয় মিলিশিয়া গোষ্ঠী, দেশটির মধ্য শাবেল অঞ্চলে একটি অভিযান পরিচালনা করেছে যাতে প্রায় ১০০ জন আল-শাবাব জঙ্গি নিহত হয়। এর মধ্যে তাদের ১২ জন কমান্ডারও রয়েছে।"

আদালা আরও বলেন, "আমাদের সেনাদের ওপর হামলার জন্য তাদের পূর্ণ প্রস্তুতি সম্পর্কে আমরা একটি গোয়েন্দা তথ্য পেয়েছিলাম এবং তাদের পরিকল্পনা প্রতিরোধ ও বিঘ্নিত করার জন্য এই অভিযান চালানো হয়েছে।"

নিকটবর্তী মহাস জেলার কমিশনার, মুমিন মোহাম্মদ হালানে, যিনি মুক্ত একটি গ্রামে থাকেন, তিনি ভিওএ সোমালি বিভাগকে বলেন , যৌথ অভিযানে বিপুল সংখ্যক জঙ্গিকে আটক করা হয়েছে এবং তারা এখনো বিষয়টি পূর্ণাঙ্গ ভাবে যাচাই করছেন।

শনিবার জাতীয় সেনাবাহিনীর সাথে যুক্ত একটি টেলিগ্রাম চ্যানেলে আকাশ থেকে তোলা এক ছবিতে মৃতদেহের একটি স্তূপ দেখানো হয়।

ভিওএ ছবি এবং সোমালি সরকারের দেয়া মৃত্যুর সংখ্যা নিরপেক্ষ ভাবে যাচাই করতে পারেনি। তবে ঐ অঞ্চলের বাশিন্দারা জানিয়েছেন যে তারা মধ্য মাবেল অঞ্চলের একটি গ্রামে বিমান আক্রমণ ও বিস্ফোরকের শব্দ শুনতে পেয়েছেন।

শুক্রবার, আল-শাবাব জঙ্গিরা কেন্দ্রীয় গালগদুদ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ করে।গ্রুপটি এবং স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সেনাবাহিনী এবং মিত্র গোষ্ঠীগুলি তাদের প্রতিহত করার চেষ্টা করার সাথে সাথে সহিংস সংঘর্ষ শুরু হয়।

কাইব গ্রামে সকালে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৫ জন যোদ্ধা নিহত হয়।

আল-শাবাব এবং এই অঞ্চলের সরকারী কর্মকর্তারা উভয়ই দাবি করেছেন, তারা অন্য পক্ষের ব্যাপক ক্ষতি করেছেন।

আগস্ট থেকে রাষ্ট্রপতি হাসান শেখ মোহামুদ তাদের বিরুদ্ধে একটি সমন্বিত আক্রমণ শুরু করার পর থেকেই আল-শাবাব চাপের মধ্যে রয়েছে।

চলতি বছরের শুরুর দিকে পুনরায় নির্বাচিত প্রেসিডেন্ট মোহামুদ, আল-শাবাবের বিরুদ্ধে “সর্বাত্মক যুদ্ধ“ ঘোষণা করেছেন।

এদিকে, মোহামুদ নির্বাচিত হওয়ার পর থেকে ঐ গোষ্ঠীটি আক্রমণ বাড়িয়ে দিয়েছে।

আব্দিআজিজ ব্যারো এবং হুসেইন ঢাকানে এই প্রতিবেদনটি তৈরি করেছেন।

XS
SM
MD
LG