অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে নৌযান শ্রমিকদের ধর্মঘট, চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ

নৌযান শ্রমিকদের ধর্মঘট
নৌযান শ্রমিকদের ধর্মঘট

বাংলাদেশের নৌযান শ্রমিকরা শনিবার (২৬ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে দেশব্যাপী ধর্মঘট শুরু করায়, রবিবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে।

শনিবার দিবাগত রাত থেকে ডাকা ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে পণ্য খালাসে নিয়োজিত লাইটারেজ জাহাজ, অয়েল ট্যাংকারসহ প্রায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ এই ধর্মঘটের ডাক দিয়েছে

চট্টগ্রাম বন্দরসহ সব নৌবন্দরে লাইটারেজ জাহাজ ও অন্যান্য নৌযান রাখার জন্য পোতাশ্রয় নির্মাণ, চট্টগ্রাম, খুলনা ও বরিশালে পরীক্ষা কেন্দ্র, নৌ-আদালত স্থাপনসহ ১০ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে নৌযান শ্রমিকরা।

বাংলাদেশ লাইটারেজ জাহাজ ওয়ার্কার্স ইউনিয়নের সহ-সভাপতি মো. নবী আলম বলেন, “১৫ নভেম্বর ১০ দফা দাবি নিয়ে এই অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। তাই মধ্যরাত থেকে বন্দরের বহির্নোঙরে রাখা বড় জাহাজ থেকে পণ্য খালাসের কার্যক্রম বন্ধ রেখেছেন সাধারণ শ্রমিকরা। একই সঙ্গে মাঝিরঘাট ও সদরঘাট এলাকার ১৮টি বেসরকারি ঘাটেও লাইটারেজ জাহাজে পণ্য খালাসের কাজ বন্ধ রয়েছে।

নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, “সর্বনিম্ন ২০ হাজার টাকা বেতন,কর্মরত অবস্থায় নিহত শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ, ভারতের নৌরুটে প্রটোকলের আওতায় ল্যান্ডিং পাস ইস্যুসহ ১০ দফা দাবিতে ধর্মঘট চলছে। লাইটারেজ জাহাজ, ট্যাংকার, যাত্রীবাহী লঞ্চ এ কর্মবিরতির আওতায় রয়েছে।”

বরিশালে যাত্রীদের দুর্ভোগ

বরিশালে নৌযান শ্রমিকদের ধর্মঘটে শনিবার দিবাগত মধ্যরাত থেকে ১৮টি রুটে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোন্তিতে পড়েন যাত্রীরা।

মালিক সমিতি সূত্রে জানা গেছে, দূরপাল্লা ও অভ্যন্তরীণ মিলিয়ে ১৮টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শনিবার দিবাগত রাত ১২টায় শ্রমিকরা বরিশাল টার্মিনাল থেকে লঞ্চগুলো সরিয়ে নেয় ও দূরপাল্লার নৌযান চলাচল বন্ধ রাখে। ধর্মঘটের কারণে বরিশাল থেকে মালবাহী যানও চলাচল করছেনা।

নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের বরিশাল জেলা সভাপতি মাস্টার একিন আলি বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

XS
SM
MD
LG