অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের এলাকা দখলে প্রয়োজনীয় “মানসম্পন্ন বাহিনীর” অভাব রয়েছে রাশিয়ার, বলেছে ব্রিটেন

খারকিভ অঞ্চলের ফ্রন্টলাইনের কাছে দখল করা একটি রুশ ট্যাংক মেরামত করছেন ইউক্রেনের এক সেনাসদস্য, ২৬ নভেম্বর ২০২২।
খারকিভ অঞ্চলের ফ্রন্টলাইনের কাছে দখল করা একটি রুশ ট্যাংক মেরামত করছেন ইউক্রেনের এক সেনাসদস্য, ২৬ নভেম্বর ২০২২।

ইউক্রেনের ডনেটস্ক ওব্লাস্টের দক্ষিণ-মধ্যাঞ্চলের পাভলিভকা ও ভুলেদার শহর দুইটির আশেপাশের এলাকায় রাশিয়া ও ইউক্রেন, উভয়ই “উল্লেখযোগ্য সংখ্যক বাহিনী” মোতায়েন করেছে বলে, ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে।

রবিবার টুইটারে পোস্ট করা এক হালনাগাদ গোয়েন্দা তথ্যে সংস্থাটি বলে যে, ঐ এলাকাটিতে “গত দুই সপ্তাহ ধরে ব্যাপক লড়াই হয়েছে, যদিও সেখানে খুব সামান্য এলাকাই হাতবদল হয়েছে।”

মন্ত্রকটি বলে যে ঐ এলাকা নিয়ে খুব সম্ভবত “ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হবে” কারণ “রাশিয়ার মূল্যায়ন অনুযায়ী, ইউক্রেনের দখলে থাকা ডনেটস্ক ওব্লাস্টের অবশিষ্টাংশ দখলে, ভবিষ্যতে উত্তরের দিকে একটি বড় আকারের আগ্রাসন চালানোর জন্য, ঐ এলাকাটিকে একটি প্রারম্ভিক এলাকা হিসেবে কাজে লাগানোর সম্ভাবনা রয়েছে”।

তবে মন্ত্রকটি এও বলে যে রাশিয়ার এমন লক্ষ্য অর্জনের সম্ভাবনা বেশ কম কারণ “অভিযানে যুগান্তকারী কোন সাফল্য অর্জনের জন্য রাশিয়া সেখানে যথেষ্ট সংখ্যক মানসম্পন্ন বাহিনী সন্নিবিষ্ট করতে পারার সম্ভাবনা কম”।

এদিকে, হলোদোমোর বা দ্য গ্রেট ফ্যামিন (দুর্ভিক্ষ) এর ৯০ বছর পূর্তি সূচিত করতে, শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি কিয়েভে এক সম্মেলনের আয়োজন করেন। এতে ‘ইউক্রেন থেকে শস্য’ উদ্যোগটিরও প্রচারণা করা হয়। এই উদ্যোগের মাধ্যমে দুর্ভিক্ষ ও খরায় সবচেয়ে বেশি প্রভাবিত দেশগুলোতে শস্য পাঠানো হবে।

হলোদোমোর ছিল ১৯৩২-৩৩ এর শীতকালে সোভিয়েত স্বৈরশাসক জোসেফ স্টালিনের তৈরি করা একটি কৃত্রিম দুর্ভিক্ষ। ঐ দুর্ভিক্ষে ৮০ লক্ষ পর্যন্ত ইউক্রেনীয় মারা ‍গিয়েছিলেন।

বর্ষপূর্তিটিতে জেলেন্সকি বিশ্ববাজারে শস্য ও অন্যান্য খাদ্যপণ্য রফতানি করতে ইউক্রেনের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এগুলো “ফাঁকা বুলি না”।

এই উদ্যোগটি জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া চুক্তিটির বাইরে অতিরিক্ত রফতানি হিসেবে কাজ করবে। জাতিসংঘের ঐ চুক্তিটি কৃষ্ণ সাগর হয়ে ইউক্রেনের শস্য রফতানির সুযোগ করে দিয়েছে। ক্রেমলিন জানিয়েছে যে, ইউক্রেনের ঐ রফতানিগুলো সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোতে যাচ্ছে না।

XS
SM
MD
LG