অ্যাকসেসিবিলিটি লিংক

এবার ৫ জন নারী পাচ্ছেন ‘রোকেয়া পদক ২০২২’

‘রোকেয়া পদক ২০২২’
‘রোকেয়া পদক ২০২২’

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২০২২ সালের রোকেয়া পদকের জন্য পাঁচজন বিশিষ্ট নারীকে চূড়ান্তভাবে মনোনয়ন করা হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশে ৯ ডিসেম্বর পালিত হয় বেগম রোকেয়া দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিশিষ্ট নারীদের প্রদান করা হয় ‘রোকেয়া পদক’।

৯ ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক-২০২২–এর জন্য মনোনীত নারীদের কাছে সম্মাননা পদক বিতরণ করবেন।

এ বছর বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত পাঁচ নারী হলেন—ফরিদপুরের রহিমা খাতুন (নারী শিক্ষায় অবদানের জন্য), চট্টগ্রামের অধ্যাপক ও অ্যাডভোকেট কামরুন নাহার বেগম (নারী অধিকার প্রতিষ্ঠায়), সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন (নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের জন্য), ঝিনাইদহের নাছিমা বেগম (পল্লী উন্নয়নে অবদানের জন্য) এবং নড়াইলের ড. আফরোজা পারভীন (সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে অবদানের জন্য)।

পদকপ্রাপ্ত নারীরা ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণ দিয়ে নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, নগদ ৪ লাখ টাকা এবং একটি সম্মাননাপত্র পাবেন।

XS
SM
MD
LG