বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন যে তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং ২০৪১ সালের লক্ষ্য বাস্তবায়নের সৈনিক হতে নিজেদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলবে। তিনি ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ নির্মাণের ঘোষণা দেন।
সোমবার (১২ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ডিজিটাল বাংলাদেশ দিবস-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন। এ সময় তিনি অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আইসিটি বিভাগ ‘অ্যাডভান্সড টেকনোলজি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ প্রতিপাদ্য নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।
শেখ হাসিনা বলেন, “আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করব এবং সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমাদের দেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে।” তিনি জানান যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সরকার চারটি ভিত্তি নির্ধারণ করেছে। এগুলো হলো; স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি।
শেখ হাসিনা বলেন, “সরকার রূপকল্প ২০৪১ ছাড়াও দেশের উন্নয়নের পথের রূপরেখা দিতে ডেল্টা প্ল্যান ২১০০ প্রণয়ন করেছে। আমি আশা করবো, তরুণেরা দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং ২০৪১ সালের লক্ষ্য বাস্তবায়নের সৈনিক হতে নিজেদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান একেএম রহমত উল্লাহ এবং আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম।