অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে আগামী রোজা পর্যন্ত কোনো খাদ্যসংকট হবে না: মন্ত্রিপরিষদ সচিব

চাল
চাল

আগামী রোজা পর্যন্ত বাংলাদেশে কোনো খাদ্যসংকট হবে না বলে জানিয়েছেন বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, “খাদ্যের মজুত-এর আগামী জুন পর্যন্ত যে প্রক্ষেপণ দেখানো যাবে, তাতে সব রকম কাজ করেও মজুতে কোনো ঘাটতি হবে না। ১৬ লাখ টনেরও বেশি খাদ্য মজুত রয়ে গেছে। সুতরাং আমরা একটা স্বস্তিদায়ক পরিস্থিতিতে রয়েছি। আর ওএমএস-সহ, যে খাদ্য সহায়তা কর্মসূচি রয়েছে সেগুলো চলবে। অর্থাৎ কম দামে খাদ্যসহায়তা কর্মসূচি বন্ধ হচ্ছে না।”

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সচিব কমিটির বৈঠক শেষে, নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য দিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, “গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সব সচিবের বৈঠক হয়েছে। তার একটি ফলোআপ বৈঠক হয়েছে। সব সচিবের কাছ থেকে ব্যায় সংকোচন; যেমন এন্টারটেইনমেন্ট কেমন কমল, বিদ্যুতে কেমন কমল, তারপর প্রেট্রোলে কতটা কমছে; তার একটি পর্যালোচনা করেছি।”

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “জুন থেকে এ পর্যন্ত বিদ্যুতে প্রায় ৪৮ শতাংশ পর্যন্ত ব্যয় কমানো সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তো প্রায় ৬০ শতাংশের বেশি কমে এসেছে। আর জ্বালানি খাতেও ৪০ শতাংশ ব্যয় কমেছে। বৈঠকে তা তুলে ধরা হয়েছে। সবাই তা চর্চা করছেন। এটা আমাদের কাছে আদর্শ বলে মনে হয়েছে।”

তিনি জানান, “বিশ্বজুড়ে যে এই আর্থিক মন্দা চলছে, তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মন্ত্রণালয় তাদের প্রকল্প যেগুলো এ, বি ক্যাটাগরি হিসেবে চিহ্নিত করেছে, সেই ক্যাটাগরি কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।”

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বৈদেশিক ঋণ সঠিকভাবে কাজে লাগতে অনুরোধ করা হয়েছ। এতে বৈদেশিক মুদ্রার মজুতের জন্য ভালো হবে। যখন আমরা বৈদেশিক ঋণ নিই, তখন একটি বার্ষিক প্রজেকশন (প্রক্ষেপণ) দেখাতে হয়। যেমন এই প্রকল্প বাস্তবায়নে আমাদের ৪০০ মিলিয়ন ডলার লাগবে। এখন আমরা যখন ৪০০ মিলিয়নের রিকুইজিশন দিয়ে দিই, তা খরচ করতে না-পারলেও আমাদের ব্যবস্থাপনা খরচ কম আসে না। আমরা যদি ২০০ মিলিয়ন ডলারও খরচ করি, তখন ব্যবস্থাপনা খরচ দিতে হয় ৪০০ মিলিয়নেরই। যে কারণে এ দিকে বেশি নজর দেওয়া হয়েছে।”

“এখনো অর্থবছরের ছয় মাস হয়নি। আগামী ছয় মাসের মধ্যে যদি এটা বাস্তবায়ন করতে পারি, এতে দুটো কাজ হবে। প্রথমত, বৈদেশিক মুদ্রার মজুতের একটা সমাধান হবে। খরচ বেশি হবে না;” উল্লেখ করেন বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

XS
SM
MD
LG