ইউক্রেনের ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো মেরামত করার জন্য প্রায় ৭০ টি দেশ এবং প্রতিষ্ঠান মঙ্গলবার ইউক্রেনের জন্য ১০০ কোটি ডলারেরও বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলিতে উপর্যপরি বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলার কারণে, শীতের মাসে ইউক্রেনের লক্ষ লক্ষ মানুষের জন্য বিদ্যুৎ এবং জল সরবরাহ বন্ধ হয়ে গেছে।
প্যারিসে বৈশ্বিক কর্মকর্তাদের বৈঠকের পর, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা বলেন, এটি একটি নতুন প্রতিশ্রুতি। এটি একটি সাহায্য, বা এক ধরনের উপহার। এটি ঋণ নয়।"
তিনি বলেন এই সহায়তা "পরবর্তী দিনগুলিতে এবং শীতের মাসগুলিতে চালু করা হবে যা বেসামরিক অবকাঠামোর স্থিতিস্থাপকতাকে শক্তিশালী করতে সহায়তা করবে।"
প্রায় ৪০ কোটি ডলার ইউক্রেনের শক্তি সেক্টরে সহায়তা করার জন্য থাকবে। রাশিয়া বারবার বিমান হামলার মাধ্যমে ইউক্রেনের জ্বালানি সেক্টরকে লক্ষ্যবস্তু করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ভিডিও লিঙ্কের মাধ্যমে সাহায্য সভায় বলেন যে তার দেশের কমপক্ষে ৮৪ কোটি ডলার প্রয়োজন।
জেলেন্সকি বলেন, "এটি অনেক, কিন্তু এর মূল্য ব্ল্যাকআউট খরচের চেয়ে কম।"
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন যে রাশিয়া "ইউক্রেনের জনগণকে হতাশার মধ্যে নিমজ্জিত করার" চেষ্টা করছে এবং সম্মেলনের লক্ষ্য ছিল ইউক্রেনীয় জনগণকে "এই শীতের মধ্যে সাহায্য করা।"
পরে, কলোনা একটি সংবাদ সম্মেলনে বলেন, "আমরা এই শীতের মধ্যে ইউক্রেনীয়দের একা ছেড়ে দিতে পারি না। আগ্রাসীরা তাদের জীবনকে দূর্বিষহ করে তুলতে চাইছে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল সংবাদদাতাদের বলেছেন নতুন সাহায্য “খুব শক্তিশালী সংকেত। এর মাধ্যমে পরিলক্ষিত হয়েছে যে সমগ্র সভ্য বিশ্ব ইউক্রেনকে সমর্থন করছে।"