বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৭১ জন মারা গেছেন। এসময় নতুন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে ১২৫ জন।ঠ এদের মধ্যে ৬৮ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ৫৭ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৪৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৪০৫ জন ঢাকার মধ্যে এবং ৩৪৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬১ হাজার ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৬২২ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২২ হাজার ৬৪১ জন।অন্যদিকে, চিকিৎসা শেষে ৬০ হাজার ২৪৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩৮ হাজার ৫০ জন ঢাকার বাসিন্দা, বাকি ২২ হাজার ১৯৪ জন ঢাকার বাইরের, বিভিন্ন জেলার বাসিন্দা।