অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারের টেকনাফে অস্ত্রধারীদের হাতে ৮ জন অপহৃত, মুক্তিপণ দাবি

বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া পাহাড় থেকে অস্ত্রধারীরা আটজনকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতি জনের জন্য তিন লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ করেছেন অপহৃতদের অভিভাবকরা। রবিবার (১৮ ডিসেম্বর) বিকালে ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড জাহাজপুড়া পাহাড়ের ভেতর পানির ছড়া থেকে তাদেরকে অপহরণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

অপহৃতরা হলেন; বাহারছড়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে জাহাপুড়া এলাকার রশিদ আহমেদের ছেলে মোহাম্মদ উল্লাহ, সৈয়দ আমিরের ছেলে মোস্তফা কামাল, মমতাজ মিয়ার ছেলে মো. রিদুয়ান, রুস্তম আলীর ছেলে সেলিম উল্লাহ, সৈয়দ আমিরের ছেলে করিম উল্লাহ, কাদের হোসেনের ছেলে নুরুল হক, তার ছেলে নুর মোহাম্মদ ও রশিদ আহমদের ছেলে আবছার।

বাহারছড়ার ছয় নম্বর ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, “কলেজ পড়ুয়া তিন শিক্ষার্থীসহ আটজন পাহাড়ি ছরাতে মাছ ধরতে গেলে, সেখানে তারা অস্ত্রধারীদের কবলে পড়েন। এই পাহাড়ি এলাকা দিন দিন ভয়ংকর হয়ে উঠছে। কাউকে একা পেলে সন্ত্রাসীরা অপহরণ করে। মুক্তিপণ না পেয়ে অপহৃতদের হত্যার ঘটনাও রয়েছে এই এলাকায়।”

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, “বাহারছড়ার জাহাপুড়া এলাকায় আটজনকে অপহরণের অভিযোগ এসেছে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলসহ আশপাশে অভিযানে যায়। পুলিশের একটি বড় টিম অভিযান অব্যাহত রেখেছে।” অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হওয়া গেলে প্রয়োজনীয় অভিযান চালানো হবে বলে জানান তিনি।

অপহৃতদের অভিভাবকদের বরাত দিয়ে ওসি জানান, “মোস্তফা কামালসহ আটজন পাহাড়ি এলাকার খালে মাছ ধরতে গেলে সন্ত্রাসীরা তাদের অপহরণ করে। এখন জনপ্রতি তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা।”

XS
SM
MD
LG