বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ২০২৩ সালের ৫ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ২১ তম অধিবেশন আহ্বান করেছেন।সোমবার (১৯ ডিসেম্বর) সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের ধারা (১) অনুযায়ী তাকে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, রাষ্ট্রপতি ২০২৩ সালের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।
শীতকালীন অধিবেশন শুরু হবে ৫ জানুয়ারি বিকাল ৪টায়। সংবিধানের ৭৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি-কে নতুন বছরে প্রথম সংসদ অধিবেশনে ভাষণ দিতে হয়। পরে, অধিবেশন চলাকালে, হাউসে রাষ্ট্রপতির ভাষণের ওপর একটি ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
এর আগে, গত ৬ নভেম্বর বর্তমান সংসদের ২০তম অধিবেশন ৬টি বৈঠকের পর স্থগিত করা হয়। ৫৯ দিন অবকাশের পর জাতীয় সংসদ অধিবেশনে বসতে যাচ্ছে।