অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল দাঙ্গা বিষয়ক প্যানেল ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার আহ্বান জানিয়েছে

গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানীতে হামলার ঘটনার তদন্তকারী যুক্তরাষ্ট্রের হাউজ সিলেক্ট কমিটির সদস্যরা, ওয়াশিংটন ডিসির ওভাল অফিসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবির নিচে বসে আছেন।
গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানীতে হামলার ঘটনার তদন্তকারী যুক্তরাষ্ট্রের হাউজ সিলেক্ট কমিটির সদস্যরা, ওয়াশিংটন ডিসির ওভাল অফিসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবির নিচে বসে আছেন।

যুক্তরাষ্ট্রের রাজধানীতে গত বছরের ৬ জানুয়ারির দাঙ্গার তদন্তকারী কংগ্রেশনাল কমিটি সোমবার সুপারিশ করেছে, বিচার বিভাগ প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করবে। তার বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্রেট জো বাইডেনের কাছে তার পরাজয়কে প্রতিহত করা এবং ক্ষমতায় থাকার জন্য তিনি সহিংসতাকে উত্সাহ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো, হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস প্যানেল – সাত জন ডেমোক্রেট এবং দু’জন ট্রাম্প-বিরোধী রিপাবলিকান - সর্বসম্মতভাবে যুক্তরাষ্ট্রের প্রাক্তন নেতার বিরুদ্ধে মোট চারটি অভিযোগ দায়ের করার জন্য প্রসিকিউটরদের প্রতি আহ্বান জানিয়েছে।

২০২১ সালের জানুয়ারিতে ক্ষমতা ছেড়ে যাওয়া ট্রাম্পের বিরুদ্ধে কমিটিটি অভ্যুত্থানকে উস্কে দেওয়া বা সহায়তা করা, বাইডেনের জয়কে প্রতিহত করার জন্য কংগ্রেসের একটি সরকারী কার্যক্রমে বাধা দেওয়া, যুক্তরাষ্ট্রের সাথে প্রতারণা করার ষড়যন্ত্র এবং একটি মিথ্যা বিবৃতি দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ এনেছে।

কমিটির আনুষ্ঠানিক কোন অবস্থান নেই এবং ফৌজদারি কোন অভিযোগ আনতে পারেন না। তবে এর মূল্যায়ন ট্রাম্প এবং অন্যান্যদের চলমান অপরাধমূলক তদন্তে গতি আনতে পারে।

কমিটির ভাইস চেয়ারম্যান রিপাবলিকান কংগ্রেসওম্যান লিজ চেনি অভিযোগ করেছেন,এই প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়ে এবং “ অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টায় ট্রাম্প চরম নৈতিক ব্যর্থতা” দেখিয়েছেন।

তবে একটি নতুন ভিডিওতে, ট্রাম্পের প্রাক্তন যোগাযোগ পরিচালক হোপ হিকস বলেন, তিনি আশঙ্কা করছেন যে নির্বাচনে ব্যাপক জালিয়াতির ভিত্তিহীন দাবিগুলি "তার উত্তরাধিকারকে ক্ষতিগ্রস্ত করছে।“

কমিটি তার উদ্বেগের বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চাইলে, হিক্স ভিডিওতে বলেন, "তিনি বলেছেন, “আমি হেরে গেলে কেউ আমার উত্তরাধিকার সম্পর্কে চিন্তা করবে না। সুতরাং, এটা কোন ব্যাপার না। একমাত্র যে জিনিসটি গুরুত্বপূর্ণ তা হ'ল জয়।“

ট্রাম্প, অনেক তদন্তকেই এর আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। তিনি সোমবার হাউজ আইনপ্রণেতাদের বিরুদ্ধে “জাল অভিযোগ" সুপারিশ করার অভিযোগ করেছেন। তিনি এটিকে তাকে নির্বাচনে বিরত রাখার প্রচেষ্টার অংশ হিসাবে দেখছেন।

দুই শতাব্দীর মধ্যে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক রাজধানীতে এই দাঙ্গা ছিল সবচেয়ে ভয়াবহ ।

XS
SM
MD
LG