অ্যাকসেসিবিলিটি লিংক

মাদারীপুরে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে বেসরকারি হাসপাতালে ভাঙচুর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাদারীপুর জেলায় ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন রোগীর স্বজনেরা। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে মাদারীপুর শহরের পানিছত্র এলাকার কে আই হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত লাকী আক্তার (৩০) মাদারীপুরের শিবচর পৌরসভার খানকান্দি এলাকার সৈয়দ শামীমের স্ত্রী এবং শহরের চৌরাস্তা এলাকার বাদশা ব্যাপারীর মেয়ে। তিনি তিন সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে অসুস্থ অবস্থায় কে আই হাসপাতালে ভর্তি হন লাকী আক্তার। বেলা ১টার দিকে টনসিলের অস্ত্রোপচারের জন্য তাঁকে হাসপাতালের দোতলায় অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। সেখানে মিজানুর রহমান নামের এক চিকিৎসক সহযোগীদের নিয়ে অস্ত্রোপচার শুরু করেন। সেখানেই ওই নারীর মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর বিষয়টি গোপন করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হলে বিষয়টি ধরা পড়ে। তখন লাকীর স্বজনেরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালটির বিভিন্ন কক্ষে ভাঙচুর চালান। এরপরই ঘটনার বিচার দাবিতে হাসপাতালের সামনের সড়কে বিক্ষোভ করেন স্বজনেরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘নিহতের স্বজনেরা অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে’।

XS
SM
MD
LG