অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি নেতা আমীর খসরুসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী-সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (২৬ ডিসেম্বর) দুদক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দুদক সচিব মাহবুব হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান।

মামলার অন্য অভিযুক্তরা হলেন; আমীর খসরুর স্ত্রী তাহেরা খসরু আলম, হোটেল সারিনার চেয়ারম্যান গোলাম মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সাবেরা সরোয়ার (নীনা), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নকশা অনুমোদন শাখার বিল্ডিং ইন্সপেক্টর আওরঙ্গজেব নান্নু।

ঢাকার বনানী এলাকার ১৭ নম্বর রোডের ২৭ নম্বর প্লটটি ডেভেলপ করার নামে উক্ত প্লটের সঙ্গে পার্শ্ববর্তী ২৫ নং প্লট ক্রয় করে অনুমোদিত নকশা না মেনে উভয় প্লটে যথাক্রমে ২২ তলা ও ২১ তলা ভবন নির্মাণ করা হয় এবং পাঁচ তারকা হোটেল সারিনা ইন লিমিটেড পরিচালনা করা হয়। দুর্নীতি প্রতিরোধ আইনের (২নং আইন) এর ৫(২) ধারায় এটি একটি অপরাধ। তাই দুর্নীতি দমন কমিশন এই মামলা করেছে।

মামলার নথি থেকে জানা যায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং তার স্ত্রী তাহেরা খসরু আলমের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শেষে প্রতিবেদন দাখিলের জন্য কমিশন নির্দেশ দেয়। তাদের দাখিল করা সম্পদ বিবরণী যাচাইকালে দেখা যায় যে, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা খসরু আলম উভয়ে ঢাকার বনানী এলাকার ১৭ নং রোডের ২৭ ও ২৫ নং প্লটে অবস্থিত পাঁচ তারকা হোটেল সারিনা ইন লিমিটেডের শেয়ার হোল্ডার ছিলেন। জব্দ করা এবং সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় আরও দেখা যায় যে, আমীর খসরু মাহমুদ চৌধুরী, তার স্ত্রী মিসেস তাহেরা খসরু আলম যৌথভাবে তার আত্মীয় গোলাম সরোয়ার এবং সাবেরা সরোয়ার নীনার সঙ্গে হোটেল সারিনা ইন লিমিটেড নামের পাঁচ তারকা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত থাকার বিষয়টি গোপন করে গেছেন।

দুদক জানায়, জব্দ করা রেকর্ডপত্র এবং সংগৃহীত রেকর্ড পর্যালোচনায় দেখা যায় যে, ১৯৯৫ সালের ১ জানুয়ারি থেকে ২০০১ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর প্রথম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার দায়িত্ব পালনকালে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর জন্য ঢাকায় ‘সিএসই ভবন’ নির্মাণের প্রয়োজনে রাজউক থেকে ঢাকার বনানী বানিজ্যিক এলাকার ১৭ নম্বর রোডের ২৭ নং প্লটটির নিলামে ক্রয় করা হয়।

XS
SM
MD
LG