বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, “আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের মাথা ঘামানোর দরকার নেই। তবে বন্ধুদের প্রস্তাব আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি।” সোমবার (২৬ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ড. মোমেন বলেন, “তারা তাদের বক্তব্য দেবেন রুলস অফ এনগেজমেন্ট অনুযায়ী। জেনেভা কনভেনশন অনুযায়ী। কোনো বিষয়ে, কোনো ইস্যু থাকলে, অবশ্যই তারা আমাদের জানাবেন। বন্ধু রাষ্ট্রগুলো কোনো প্রস্তাব দিলে, আমরা তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি।”
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন আরও বলেন, “আমাদের দেশ পরিপক্ব। আমাদের সার্বভৌমত্ব আছে। আমরা স্বাধীন দেশ।” তিনি বলেন, “এদেশের গণতন্ত্র, মানবাধিকার, বিচার বিভাগ; এসব নিয়ে মাতব্বরি করার কোনো সুযোগ নেই। কারণ আমরা একমাত্র দেশ পৃথিবীর মধ্যে, যে দেশের প্রায় ত্রিশ লাখ লোক রক্ত দিয়েছে। গণতন্ত্রের জন্য, ন্যায়বিচারের জন্যে, মানবাধিকার রক্ষার জন্য, মানুষের মর্যাদা রক্ষার জন্য। আমাদের মজ্জায়, প্রতিটি রক্তের কণিকায় মানবাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার।”
ড. মোমেন বলেন, “বর্তমান সরকার স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর। আমি চাই না রাশিয়া, আমেরিকা বা কোনো দেশে আভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাক।”