অ্যাকসেসিবিলিটি লিংক

পাঁচ পৌরসভা ও ৬৬ ইউনিয়নে নির্বাচন বৃহস্পতিবার, ভোটগ্রহণ ইভিএমে

বাংলাদেশের পাঁচটি পৌরসভা এবং ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) । এই নির্বাচনে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। পাঁচটি পৌরসভা হলো; রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোরের বনপাড়া।

বাঘা পৌরসভার মেয়র পদে চার স্বতন্ত্র প্রার্থী সহ পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন; আওয়ামী লীগ সমর্থিত শাহিনুর রহমান পিন্টু, আওয়ামী লীগ (বিদ্রোহী) প্রার্থী আক্কাস আলী, স্বতন্ত্র প্রার্থী জামায়াত ইসলামী উপজেলা শাখার আমির সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি কামাল হোসেন ও ইসরাফিল হোসেন।

বিরল উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল কুদ্দুস সরকার জানান, বিরল পৌরসভায় দুই প্রার্থী, মামুনুর রশীদ ও রেজাউল ইসলাম বাদশা, ১০ ডিসেম্বর তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর ফলে বিরল উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক পৌরসভার মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে কাউন্সিলর পদে ইভিএম-এ ভোট গ্রহণ হবে।

বোদা পৌরসভায় মেয়র পদে চারজন, সংরক্ষিত আসনে ৯ জন মহিলা কাউন্সিলর ও ২৯ জন সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে চার প্রার্থী হলেন; আওয়ামী লীগ সমর্থিত আজহার আলী, ইসলামী আন্দোলন সমর্থিত মওদুদ খান, স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেন ও রাজা ফেরদৌস চিন্ময়।

আলফাডাঙ্গা পৌরসভা মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান মেয়র সাইফুর রহমান, স্বতন্ত্র প্রার্থী একেএম আহাদুল হাসান ও আলী আকসাদ ঝন্টু (নারকেল গাছ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। বনপাড়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আওয়ামী লীগ সমর্থিত কে এম জাকির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার।

গত ৭ নভেম্বর নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম পাঁচটি পৌরসভা ও ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

XS
SM
MD
LG