অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রাম কাস্টমস হাউসে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, গ্রেপ্তার ২৩ জন

হাতকড়া পরা এক ব্যক্তি
হাতকড়া পরা এক ব্যক্তি

বাংলাদেশের চট্টগ্রাম কাস্টমস হাউসে সিপাহী পদে লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ১০ থেকে ৮০ হাজার টাকার বিনিময়ে ভিন্নজনকে দিয়ে কৌশলে তারা লিখিত পরীক্ষায় জালিয়াতি করিয়েছিলেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ১৮ জন ও বুধবার (২৮ ডিসেম্বর) সকালে পাঁচজনকে পাহাড়তলী থানার পুলিশ গ্রেপ্তার দেখায়। এর আগে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে কাস্টমস কর্তৃপক্ষ। পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রোজিনা খাতুন বুধবার দুপুরে বলেন, “২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ২৩ জনকে অভিযুক্ত করে মামলা করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গ্রেপ্তার ২৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, ৯৮টি সিপাহী পদের বিপরীতে তিন হাজার ৩৪৪ জন প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে উত্তীর্ণ ৩৫০ জন প্রার্থী সোম, মঙ্গল ও বুধবার মৌখিক পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় জালিয়াতির বিষয়টি মৌখিক পরীক্ষার সময় ধরা পড়লে, ২৩ জনকে আটক করা হয় বলে জানান নিয়োগ পরীক্ষায় সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে, গত ২৩ ডিসেম্বর জালিয়াতির মাধ্যমে লিখিত পরীক্ষা দিতে আসা সাতজনকে আটক করা চট্টগ্রাম নগরীর খুলশী থানায় হস্তান্তর করা হয়েছিল। মামলার এজাহারে বলা হয়েছে, প্রথমিকভাবে আটককৃত ১৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়ার সময় তাদের হাতের লেখায় গড়মিল পরিলক্ষিত হয়। একইসঙ্গে লিখিত পরীক্ষার খাতায় উত্তর দেওয়া কোন প্রশ্নের জবাবও দিতে পরেননি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে যে ১০ হাজার থেকে ৮০ হাজার টাকার বিনিময়ে কৌশলে লিখিত পরীক্ষায় অন্য জনকে নিজের বদলে পরীক্ষায় বসিয়ে দিয়েছিলেন।

XS
SM
MD
LG