অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

খারখিভ অঞ্চলের কুপিয়ানস্ক-এ রুশ গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত আবাসনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক স্থানীয় নারী, ২৮ ডিসেম্বর ২০২২।
খারখিভ অঞ্চলের কুপিয়ানস্ক-এ রুশ গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত আবাসনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক স্থানীয় নারী, ২৮ ডিসেম্বর ২০২২।

রাশিয়া বৃহস্পতিবার ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় রাজধানী কিয়েভ এবং খারকিভকেও লক্ষ্যবস্তু বানানো হয়।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে যে, তারা রাশিয়ার উৎক্ষেপিত ৬৯টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৫৪টি ভূপাতিত করেছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দ্যমিত্র কুলেবা টুইটারে লেখেন, “অর্থহীন বর্বরতা। নববর্ষের প্রাক্কালে শান্তিপূর্ণ ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার আরেক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ দেখে শুধু এই শব্দগুলোই মাথায় আসে। এমন ব্যাপক যুদ্ধাপরাধের পরিপ্রেক্ষিতে কোন ‘নিরপেক্ষতা’ থাকতে পারে না। ‘নিরপেক্ষতার’ ভান করা রাশিয়ার পক্ষ নেওয়ারই সমতুল্য।”

ইউক্রেনের প্রেসিডেন্টের সহকারি মিখাইলো পোডোলিয়াক টুইটারে বলেন যে, “গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করতে ও বেসামরিক মানুষজনকে হত্যা করতে” রাশিয়া অন্তত ১২০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।

এমন হামলার ফলে ইউক্রেন জুড়ে বিমান হামলার সাইরেনগুলো বেজে উঠে এবং ইউক্রেনের কর্মকর্তারা বলেন যে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ক্ষেপণাস্ত্রগুলোকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।”

খারকিভের মেয়র ইহর টেরেখভ তার শহরে বিস্ফোরণের খবর জানিয়েছেন এবং বলেছেন যে, কিসে আঘাত হানা হয়েছে এবং কোন হতাহত হয়েছে কিনা, সেই বিষয়টি কর্তৃপক্ষ অনুসন্ধান করছে।

ইউক্রেনের শহরগুলোতে আঘাত হানতে রাশিয়া বারবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার মধ্যে এমন হামলাও রয়েছে যা গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে ধ্বংস করেছে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত, ওকসানা মার্কারোভা বৃহস্পতিবার টুইটারে বলেন, “কোন এক পর্যায়ে সন্ত্রাসী রাশিয়ার ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাবে, কিন্তু ইউক্রেনীয়দের সাহস, স্বাধীনতার ও গণতন্ত্রের প্রতি তাদের নিষ্ঠা এবং দেশের প্রতি ভালোবাসা কখনোই শেষ হবে না।”

This item is part of
XS
SM
MD
LG