অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই—সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই—সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই—সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। সুতরাং সেই দিকে যাওয়ার সুযোগ নেই’।

তিনি বলেন, ‘দেশে অনেক উন্নয়ন হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ বাঁচানোই আমাদের প্রধান এজেন্ডা’।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হটানোর জন্য অতি বাম, অতি ডান মিলে-মিশে একাট্টা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় আমরা উন্নয়নশীল দেশ হিসেবে ভালো আছি। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকায় আমরা ধৈর্যহারা হইনি। পথ হারাইনি’।

তিনি বলেন, ‘আন্দোলনের নামে বিএনপির মাঠে সংঘাত করে লাভ নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে। নির্বাচনে সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ থাকবে না’।

ওবায়দুল কাদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। বিএনপি-জামায়াতের সরকার পতনের স্বপ্ন সফল হবে না। এ ছাড়া আমরা বিশ্বাস করি তারা নির্বাচনে আসবে, সব নিবন্ধিত দলকে আমরা স্বাগত জানাই’।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বৈশ্বিক পরিস্থিতির প্রতিক্রিয়ার সম্পর্কে বলেছি। সম্পদকে সম্ভাবনার রূপ দিতে কাজ করছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। বিশ্ব সংকটকালে জ্বালানি, ডলার, রিজার্ভ নিয়ে আমরা ভাবছি। পাকিস্তানে রিজার্ভ ৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। সে তুলনায় আল্লাহর রহমতে ভালো আছি সংকটেও দিশেহারা হইনি। আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি’।

এ সময় তিনি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলেন, ‘আমরা অশান্তি ও সংঘাত চাই না। কাউকে উস্কানি দিতে চাই না। বিএনপিসহ ৩৩ দলের গণমিছিল কর্মসূচি হয়েছে। ওই ৩৩ দল ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার অবস্থার দল। এছাড়া নিবন্ধিত সকল দলকে আমি নির্বাচনে অংশ নেওয়ার জন্য স্বাগত জানাই’।

কুটনৈতিকদের বিষয়ে তিনি বলেন, ‘জেনেভা কনভেনশনের আলোকে কুটনৈতিকেরা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাতে পারেন না। আমরাতো কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাই না’।

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘রংপুরের কথাটা আলাদা। সেখানে এরশাদ সাহেবের প্রভাব আছে। তাদের প্রার্থীও প্রভাবশালী। আমরা একজন নারীকে মনোনয়ন দিয়েছি। দলের অনেকে তার জন্য ভালোভাবে কাজ করেননি। সবকিছু মিলিয়ে আমাদের প্রার্থী কম ভোট পেয়েছেন। শোচনীয় পরাজয় হয়েছে। এটা নিয়ে আমরা তদন্ত কমিটি করেছি। আমরা বলব গণতন্ত্রের বিপ্লব হয়েছে। সুষ্ঠু ভোট হয়েছে। তবে রংপুরের বিষয় এনে জাতীয় নির্বাচনের ভবিষ্যতবাণী করা যাবে না। হারজিত থাকবে। এটা ভোটের প্রক্রিয়া’।

তিনি বলেন, ‘ঢাকা শহরে রিকশায় উঠলেই ২০ টাকা লাগে। তাহলে মোট্রোরেলের বাড়া বেশি হলো কীভাবে। আমাদের কিছু বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন। আপনাদের আজিজ কমিশন এক কোটি ২০ লাখ ভুয়া ভোটার করেছিল। সেটি কেউ ভোলেনি’।

তিনি জামায়াতের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জামায়াত সহিংসতা করলে আইনপ্রয়োগকারী সংস্থা বসে থাকবে না। তারা সমুচিত জবাব দেবে’।

XS
SM
MD
LG