কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় তুচ্ছ ঘটনায় এক তরুণকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) উপজেলার রামচন্দ্রপুর এলাকায় একটি ওয়াজ মাহফিল চলাকালে একটি দোকানে এই ঘটনা ঘটে।
জানা যায়, দোকানে এক ব্যক্তির শরীরে ধাক্কা লাগে এক তরুণের। এতে ওই ব্যক্তির হাতে থাকা বুট (ছোলা) মাটিতে পড়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র বাগবিতণ্ডায় জড়িয়ে ওই তরুণকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত ওই যুবকের নাম মো. ইয়াসিন মিয়া (১৯)। তিনি উপজেলার দুর্গাপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ‘শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এই হত্যাকাণ্ড ঘটেছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে নিহত তরুণের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনায় জড়িত ব্যক্তির নাম প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি’।
তিনি আরও জানান, হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার দুর্গাপুরের পাশের এলাকা রামচন্দ্রপুরে শুক্রবার একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানকার একটি দোকানে নাশতা করতে যান ইয়াসিন। দোকানে বসার সময় ইয়াসিনের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের হাত থেকে ছোলা পড়ে যায়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যুবক ইয়াসিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। রাত সোয়া ১০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মারা যান।