অ্যাকসেসিবিলিটি লিংক

অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশের রপ্তানি আয় ২,৭২২ কোটি ডলার

বৈদেশিক মুদ্রার ক্রমবর্ধমান সংকটের মধ্যে, চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত প্রথম ছয় মাসে, বাংলাদেশ ২,৭২২ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। গত দুই মাসে (নভেম্বর ও ডিসেম্বর) রপ্তানি থেকে ১০৩৭ কোটি ডলার আয় করেছে। দুই মাসে রপ্তানি আয় হিসেবে বাংলাদেশের জন্য এটা সর্বোচ্চ পরিমাণ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি)এ তথ্য জানিয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মতে, ডিসেম্বর-এ বাংলাদেশ ৫৩৭ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। যা এক মাসের হিসাবে সর্বোচ্চ রপ্তানি আয়। ২০২২ সালের নভেম্বর-এ রপ্তানি আয় প্রথমবারের মতো ৫০০ কোটি ডলার অতিক্রম করে। ২০২১ সালের ডিসেম্বরে রপ্তানি আয় ছিল ৪৯০ কোটি ডলার। চলতি বছরের ডিসেম্বরে রপ্তানি বেড়েছে, আগের বছরের তুলনায় ৯ দশমিক ৩৩ শতাংশ।

রপ্তানি আয়ে যথারীতি সবচেয়ে বেশি অবদান রেখেছে তৈরি পোশাক। তৈরি পোশাক থেকে রপ্তানি আয় ডিসেম্বরে বছরে ১৫ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৪৬৭ কোটি ডলারে দাঁড়িয়েছে। ২০২১ সালের ডিসেম্বরে রপ্তানি আয় ছিল ৪০৪ কোটি ডলার।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, “ইউনিটের দাম বৃদ্ধির কারণে ডিসেম্বরে পোশাক খাতে ভালো প্রবৃদ্ধি হয়েছে। ভালো দাম এবং সাম্প্রতিক সময়ে বিলাস পণ্যের অনুপাত বৃদ্ধির কারণে পোশাক খাতের অবদান বেড়েছে।”

তিনি আরও বলেন, “কোভিড-১৯ মহামারী মোকাবেলা করে কারখানা চালু রাখার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির কারণে বাংলাদেশ অনেক অর্ডার পেয়েছে। এখন পোশাক নির্মাতারা প্রতি পিস ৪০ ডলারের বেশি দামে জ্যাকেট রপ্তানি করছে, যা আগে ছিল ৩০ ডলার।”

XS
SM
MD
LG