আগামী জাতীয় নির্বাচন নিয়ে চিন্তিত নন বলে উল্লেখ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। যথাসময়ে ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। সোমবার (২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ড. মোমেন বলেন, “নির্বাচনের সময় নির্বাচন হবে। আমরা জনগণকে বিশ্বাস করি।”
আব্দুল মোমেন বলেন, “সরকার একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আগামী নির্বাচনে সব দল যোগ দিলে ভালো হবে, না হলে ঠিক আছে।”
এদিকে, নববর্ষের প্রথম দিনে অভিনন্দন জানাতে রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ভার্চুয়াল পদ্ধতিতে বিদেশে বাংলাদেশ মিশনের প্রধানদের ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। মোমেন বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সংশ্লিষ্ট দেশ থেকে শিক্ষা নেওয়ার কার্যকর উপায় এবং ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার জন্য তাদের সর্বোত্তম পন্থাগুলো খুঁজে বের করার পরামর্শ দেন। আব্দুল মোমেন বলেন, “টেকসই উন্নয়নের জন্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।”