বাংলাদেশের পোশাক (আরএমজি) রপ্তানি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ১৫ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২৯৭ কোটি ডলারে পৌঁছেছে। সোমবার (২ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে, ১৩ দশমিক ৪২ এবং ১৮ দশমিক ২৯ শতাংশ বৃদ্ধি নিয়ে, নিটওয়্যার এবং ওভেন পোশাক খাত যথাক্রমে ১২৬৬ কোটি ডলার এবং ১০৩৩ কোটি ডলার রপ্তানি আয় করেছে।
বিজিএমইএর পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, “ডিসেম্বরে পোশাক শিল্প ভালো চলেছে। ১৫ দশমিক ৩৫ শতাংশ বৃদ্ধি নিয়ে ২০২২ সালের ডিসেম্বরে তৈরি পোশাক রপ্তানি থেকে ৪৬৭ কোটি ডলার আয় হয়েছে, যা এক মাসের হিসাব অনুযায়ী সর্বোচ্চ।”
তিনি আরও বলেন, “যদি আমরা ক্যালেন্ডার বছরের তথ্য বিবেচনা করি, তাহলে ভূ-রাজনৈতিক উত্তেজনা, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বাংলাদেশ ২০২২ সালে তৈরি পোশাক রপ্তানিতে আরেকটি মাইলফলক অর্জন করেছে। বিজিএমইএ-এর বিশ্লেষণ অনুযায়ী, ২০২১ সালের তুলনায় ২৭ দশমিক ৬৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ২০২২ সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৪৫৭০ কোটি ডলারে পৌঁছেছে।”
মহিউদ্দিন রুবেল বলেন, “নিটওয়্যার খাত থেকে রপ্তানি আয় হয়েছে ২৪৭১ বিলিয়ন ডলার। অন্যদিকে ওভেন খাত থেকে আয় হয়েছে ২০৯৯ কোটি ডলার। উভয় খাতে ২০২২ সালে যথাক্রমে ২৬ দশমিক ১১ শতাংশ এবং ২৯ দশমিক ৪৮ শতাংশ হারে বার্ষিক রপ্তানি বৃদ্ধি হয়েছে।”
ইপিবি বলছে, ২০২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ ২৭২২ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।