অ্যাকসেসিবিলিটি লিংক

ধর্ম অবমাননা মামলা: সিলেটে হিন্দু মহাজোট নেতার ৭ বছরের কারাদণ্ড

ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে, রাকেশ রায় নামে এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন সিলেটের একটি আদালত। মঙ্গলবার (৩ জানুয়ারি) আইসিটি আইনের ৫৭ ধারায় সিলেটের সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রাকেশ রায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার কর্মী।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোস্তফা দিলওয়ার আল আজহার জানান, “রাকেশের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ এর ২ ধারায় মামলা করা হয়েছিল। যা এখন ডিজিটাল নিরাপত্তা আইনে রূপান্তরিত হয়েছে। মামলার শুনানি ও যুক্তিতর্ক শেষে অপরাধ প্রমাণিত হওয়ায়, আদালত রাকেশ রায়কে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন।”

রায় ঘোষণাকালে জামিনে থাকা রাকেশ আদালতে উপস্থিত ছিলেন বলে জানান সহকারী পাবলিক প্রসিকিউটর; বলেন, রায়ের পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রাকেশ রায়কে ২০১৭ সালের ৭ জুন সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে, ঐ বছরের জুন মাসে রাকেশের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা করেন ফুযায়েল আহমদ নামের এক ব্যক্তি। বাদী ও বিবাদী দুজনের বাড়ি জকিগঞ্জ উপজেলায়।

এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন জানিয়ে রাকেশের আইনজীবী ইশতিয়াক আহমদ চৌধুরী বলেন, “আইনজীবী হিসেবে আমি আদালতের রায়ের বিরুদ্ধে বলতে পারি না। তবে ন্যায় বিচারের আশায় আমরা উচ্চ আদালতে আপিল করবো।”

XS
SM
MD
LG