পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে এবং ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধ করতে ৬৪ জেলার ডেপুটি কমিশনারের প্রতি (ডিসি) আহবান জানানো হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) পরিবেশ দূষণকারী ইটভাটার দূষণ নিয়ন্ত্রণ, অবৈধ ইটভাটা বন্ধ এবং প্লাস্টিক ও পলিথিন ব্যবহার রোধের লক্ষ্যে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত, এক বিশেষ সভায় এ আহ্বান জানানো হয়।
মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সচিব ড. ফারহিনা আহমেদ সভাপতিত্ব করেন। ৬৪ জেলার ডেপুটি কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ভার্চুয়াল পদ্ধতিতে সভায় যুক্ত হন। সভায়, ইটভাটার দূষণ জনিত ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে গৃহীত ব্যবস্থাসহ সভার কার্যপত্র উপস্থাপন করেন মন্ত্রণালয়ের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ শাখার উপসচিব ডক্টর সৈয়দ শাহজাহান আহমেদ।
সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, ইটভাটায় কৃষি জমির মাটি ব্যবহার ও কৃষি জমি নষ্ট করা বন্ধ করতে হবে।” ইটভাটার জ্বালানি হিসেবে গাছপালা কেটে কাঠ পোড়ানো বন্ধ করাসহ অবৈধ ও পরিবেশ দূষণকারী ইটভাটাসমূহের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান।
তিনি এসময় সরকার ঘোষিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৫ সাল নাগাদ সকল সরকারি কাজে ১০০ ভাগ পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহার নিশ্চিত করতে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ইটভাটা সহ বিভিন্ন প্রকার দূষণ রোধের লক্ষ্যে সকল অংশীজনকে যুক্ত করতে জরুরি ভিত্তিতে দেশের সকল জেলায় অবহিতকরণ সভা আয়োজনের জন্য নির্দেশনা দেন তিনি।
সভায়, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন ও ব্যবহার এবং মোড়ক বাজারজাতকরণ বন্ধে পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসন পরিচালিত নিয়মিত এনফোর্সমেন্ট ও মোবাইল কোর্ট কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০২১ বাস্তবায়নে, প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়। এছাড়া, উপকূলীয় অঞ্চলের ১২ জেলার ৪০টি উপজেলায় সিঙ্গেল ইউস প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার লক্ষ্যে প্রণীত তিন বছর মেয়াদী কর্মপরিকল্পনা জরুরী ভিত্তিতে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।
ইটভাটার বিভিন্ন সমস্যা তুলে ধরে সংশ্লিষ্ট বিধি বিধান প্রতিপালন করার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন বাংলাদেশ ইটভাটা মালিক সমিতির সভাপতি খলিলুর রহমান।