অ্যাকসেসিবিলিটি লিংক

পুলিশকে নাশকতামূলক কর্মকাণ্ড দৃঢ়ভাবে মোকাবিলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার

বাংলাদেশের নিরবচ্ছিন্ন অর্থনৈতিক অগ্রগতির ধারাবাহিকতার স্বার্থে যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘(সতর্ক থাকুন) যাতে ভবিষ্যতে কেউ আমাদের অর্থনৈতিক অগ্রগতিতে বাধা দিতে না পারে এবং কেউ আর অগ্নিসংযোগের সহিংসতা চালানোর সাহস না করতে পারে এবং কেউ জনগণের জীবনের সামগ্রিক নিরাপত্তাকে ব্যাহত করতে না পারে’।

বুধবার (৪ জানুয়ারি) পুলিশ সপ্তাহ ২০২৩–এর দ্বিতীয় দিনে তাঁর কার্যালয়ে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।

বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘হ্যাঁ, তারা আন্দোলন করতে পারে। ঠিক আছে, জনগণকে সঙ্গে নিয়ে এটি করা যেতে পারে। সেখানে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হলে তার বিরুদ্ধে সবাইকে যথাযথ ব্যবস্থা নিতে হবে’।

তিনি বলেন, ‘বাংলাদেশকে বৈশ্বিক সংকট, প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুর্যোগের মতো অগ্নিসংযোগ ও অন্য ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হবে’।

শেখ হাসিনা বলেন, ‘আইনশৃঙ্খলা একটি দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে তাদের দায়িত্ব পালন করতে হবে’।

তিনি বলেন, ‘বাংলাদেশের আজকের অগ্রগতি স্বয়ংক্রিয়ভাবে আসেনি। বরং সরকারকে কঠোর পরিশ্রম করতে এবং অনেক পরিকল্পনা নিতে হয়েছিল। ফলে, সরকার মাত্র ১৪ বছরের মধ্যে দেশে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে’।

‘সরকার কোভিড-১৯ মহামারি সফলভাবে মোকাবিলা করেছে, দৃঢ় নীতির মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে ইতিবাচক দিকে সচল রেখেছে এবং বাংলাদেশের অগ্রগতি অব্যাহত রেখেছে। আমরা এই কঠিন কাজগুলো সফলভাবে করতে পেরেছি’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ এ ব্যাপারে সারা বিশ্ব থেকে প্রশংসা পাচ্ছে’।

শেখ হাসিনা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘পুলিশ বাহিনীও এই সাফল্যে অবদান রেখেছে, বিশেষ করে কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ের সময়’।

কেউ যাতে এই অগ্রগতিতে বাধা না দিতে পারে সে জন্য তিনি আবারও পুলিশকে সতর্ক থাকতে বলেছেন।

তিনি বলেন, ‘অনেক কিছু হতে পারে—যেকেউ বা যেকোনো দল, মত ও ধর্মেরই হোক, কিন্তু আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে কেউ কোনো কাজকে ধ্বংস বা বাধাগ্রস্ত করতে না পারে এবং দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণের স্বার্থে কোনো সেক্টরে আমাদের চলমান অগ্রগতিতে বাধা দিতে না পারে’।

XS
SM
MD
LG