ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের জেল দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজের ১ নম্বর আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন। এ সময় অভিযুক্ত আদালতে হাজির ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মিলন চৌধুরী ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর গ্রামের নিহত হারুন অর রশীদ চৌধুরীর ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২২ ফেব্র্রুয়ারি অভিযুক্ত মিলন চৌধুরী তাঁর নামে সম্পত্তি লিখে দিতে বাবা হারুন অর রশীদ চৌধুরীকে চাপ দেয়। এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে লাঠি দিয়ে বাবাকে মারধর করলে ঘটনাস্থলেই বাবা হারুন অর রশীদের মৃত্যু হয়।
পরে হারুন অর রশীদের স্ত্রী হালিমন বেগম বাদী হয়ে স্বামী খুনের অভিযোগে ছেলে মিলনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত অভিযুক্ত মিলন চৌধুরীর বিরুদ্ধে এই রায় দেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের ভারপ্রাপ্ত এপিপি আমিনুর রহমান বলেন, ‘এই হত্যা মামলায় একজনকে অভিযুক্ত করে এজহার দায়ের করা হয়। বাবাকে হত্যার দায়ে দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত মিলন চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে চার মাসের কারাদণ্ড দেন আদালত’।
এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তষ্ট বলে জানান তিনি।