অ্যাকসেসিবিলিটি লিংক

আপিল বেঞ্চে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

মির্জা ফখরুল ও মির্জা আব্বাস। (ফাইল ছবি)
মির্জা ফখরুল ও মির্জা আব্বাস। (ফাইল ছবি)

বাংলাদেশের রাজধানী নয়াপল্টনে, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তাদের জামিন বহাল থাকবে এবং মুক্তিতে কোনো বাধা থাকছে না।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ, হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন। হাইকোর্টের রুল রক্ষণাবেক্ষণের ভিত্তিতে নিষ্পত্তি করার নির্দেশও দিয়েছেন আপিল বেঞ্চ।

৪ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার জজ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনের শুনানির জন্য রবিবার দিন ধার্য করেন। ঐ মামলায় বিএনপির দুই নেতাকে জামিন দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে একই দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করা হয়।

গত ৩ জানুয়ারি এ মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। বিএনপির দুই নেতাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট।

গত বছরের ২১ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আসাদুজ্জামান চতুর্থবারের মতো মির্জা ফখরুল ও মির্জা আব্বাস-এর জামিন আবেদন নাকচ করে দেন। গত ৯ ডিসেম্বর তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।

This item is part of
XS
SM
MD
LG